Main Menu

ছাতকে উদ্বোধনের আগেই স্কুল ভবনে ফাটল

কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে অত্যন্ত নিম্নমানের মালামাল দিয়ে দায়সাড়া কাজ করায় ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি বিদ্যালয় ভবনের দু’টি ক্লাস রুমেই বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। উদ্বোধনের আগেই দেয়ালের ফাটল নিয়ে জনমনে চরম অসন্তেুাষ দেখা দিয়েছে।
জানা যায়, উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের কাটালপুর গ্রামে প্রায় ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’টি ক্লাস রুমের দেয়ালে উদ্বোধনের আগেই বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। কাজ শেষ হতে না হতেই নির্মিত দু’টি রুমের ভেতরের দু’টি দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দেয়ায় নির্মিত ভবনের স্থায়িত্ব নিয়েও শংকায় পড়েছেন স্থানীয়রা।
এব্যাপারে ভূমিদাতা যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুছ, প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোহাম্মদ আলী মুজিব, ভূমিদাতা সদস্য আব্দুর রহিম, বিদ্যালয় কল্যাণ ট্রাস্টের সভাপতি নুর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, প্রচার সম্পাদক তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সদস্য কয়েছ, দিলাল, আবু বকর, কামাল হোসেনসহ এলাকাবাসী জানান, কটালপুর বিদ্যালয় বভনের ঠিকাদার কর্তৃক কাজের অবহেলায় ক্লাস দু’টি রুমের দেয়ালেই দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। এটি নির্মাণের ক্ষেত্রে নিন্মমানের মালামাল ব্যবহার করায় এই ফাটল দেখা দিয়েছে। ভবনের নির্মাণ কাজ চলাকালে এই ধরনের অনেক ফাটলসহ বিভিন্ন অসঙ্গতির ঘটনা ঘটলে মিস্ত্রিরা শাঁক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করেন। এসব ফাটল গুলোতে তালি দিয়ে নিজেদের অপকর্ম আড়াল করার অপচেষ্টা করা হয়। কাটালপুর, হাইলকেয়ারী, ছাড়ালকোনাও সাউদপুর গ্রামের ছেলেমেয়েদের একমাত্র প্রাথািমক শিক্ষা ব্যবস্থা হচ্ছে এ প্রতিষ্টানটি। এখানে প্রবাসি আব্দুল কুদ্দুছের অর্ধকোটি টাকা মূল্যের ৮৮ শতক ভূমির উপর ভবনের নির্মান কাজ শুরু হয়ে ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করে উদ্বোধনের পর ২০১৭ সালের জানুয়ারি থেকে ক্লাস শুরুর কথা ছিল। কিন্তু উদ্বোধনের আগেই দেয়ালে ফাটল দেখা দেয়ায় এর স্থায়িত্ব নিয়ে জনমনে সন্দেহ ও সংশয় দেখা দিয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সমেরেন্দ্র দাশের মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।
তবে ভবন নির্মাণের তদারকিতের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারি প্রকৌশলী সুবল দাস দু’টি রুমের দেয়ালেই ফাটলের ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, অবশ্য এক্ষেত্রে ভবনের স্থায়িত্বের বিষয়টি ভাবার অবকাশ নেই। কারন মূল ভবনটি তৈরী করা হয় শক্ত ভিতের উপর। আর সে ভিতের উপরই বসানো হয় দেয়ালের ইটগুলো।

Share





Related News

Comments are Closed