Main Menu

আটক বাংলাদেশী কৃষককে ফেরত দিয়েছে বিএসএফ

সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএএসফের হাতে ৪দিন আটক থাকার পর বাংলাদেশী কৃষককে বৃহস্পতিবার বিজিবির নিকট হস্তান্তর করেছে বিএসএফ।
উল্লেখ্য,সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগর সীমান্তের ওপারে গত সোমবার গরু আনতে গিয়ে ৯টি গরু সহ এক বাংলাদেশী কৃষককে গত ৪দিন ধরে ভারতীয় গিলাগড়া বিএসএফ ক্যাম্পের টহল দল আটকে রেখেছিলো।
বৈঠক সুত্রে জানা যায়, বিএসএফ-বিজিবির পতাকা বৈঠকে সাড়া না দিয়ে আটককৃত ওই কৃষককে তাহিরপুর সীমান্তের ওপারে বড়ছড়া বিএসএফ কোম্পানী হেডকোয়ার্টারে নিয়ে এসে আটকে রাখে। আটকে রাখা বাংলাদেশী কৃষকের নাম মনসুর আলী (৫০)। তিনি মধ্যনগর থানার বংশীকুন্ডা উওর ইউনিয়নের বাঙ্গালভিটা মাঝেরছড়া গ্রামের মৃত সাজে আলী তালুকদারের ছেলে।
এদিকে আটককৃক কৃষককে ফিরিয়ে আনতে সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের ধর্মপাশার মধ্যনগরের সীমান্তবর্তী বাঙ্গালভিটা বিওপির মেইন পিলার ১১৯১ এর ৮ -এস সাব পিলার এলাকায় বৃহস্পতিবার ঘন্টাব্যাপী পতাকা বৈঠকের পর বিকেল ৪টায় বিএসএফ বাংলাদেশী কৃষককে বিজিবির নিকট হস্তান্তর করে। পতাকা বৈঠকে বিএসএফ কৃষককে ফেরত দিলেও তাদের হাতে আটককৃত ৯টি গরু ফেরত দিতে অস্বীকৃতি জানায়।
পতাকা বৈঠকে সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো: নাসির উদ্দিন আহমদ পিএসসি, নেত্রকোনা ১১ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. তোফায়েল আহমেদ চৌধুরী ও ভারতের শিলং- ৬৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট একে সিং সহ উভয় দেশের বিজিবি-বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed