Main Menu

সাতক্ষীরায় কোচিং বিরোধী ঝটিকা অভিযান

বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় কোচিং বিরোধী ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে।

শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল ও কোচিং সেন্টারে রোববার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) খুলনা অঞ্চল।

কোচিং বিরোধী অভিযান টের পেয়ে এ সময় কোচিং সেন্টারে তালা ঝুলিয়ে পালিয়েছেন অনেক শিক্ষক।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের উপ-পরিচালক টিএম জাকির হোসেনের নেতৃত্বে মাউশির কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হাসান সোরওয়ার্দী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম, গবেষণা কর্মকর্তা মো. কামরুজ্জামান, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সহকারী পরিদর্শক শেখ হেদায়েত হোসেন প্রমুখ।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি কোচিংয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় খান বাহাদুর আহছানউল্লাহ পলিটেকনিক কলেজ, কালিগঞ্জ কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রি কলেজের দুই শিক্ষককে কোচিং বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত থাকায় সতর্ক করে দেওয়া হয় বলে জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের উপ-পরিচালক টি এম জাকির হোসেন।

তিনি জানান, কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণ নীতিমালা অনুযায়ী কোনো শিক্ষক নিজ স্কুলের শিক্ষার্থীকে পড়াতে পারবেন না। তারপরও অনেকে গোপনে নীতিমালা ভঙ্গ করছেন। তাদের বিরুদ্ধে মাউশির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে অভিযান চলাকালে দেখা যায়, কোচিং সেন্টারগুলো সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীতে ভরপুর। অনেকেই স্কুলে না গিয়ে কোচিং করছে।

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের উপ-পরিচালক টিএম জাকির হোসেন সংশ্লিষ্ট বিদ্যালয়সমূহ পরিদর্শন করে প্রধান শিক্ষককে অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে সর্তক করার নির্দেশনা দেন।

Share





Related News

Comments are Closed