Main Menu

আ’লীগের সম্মেলনে যোগ দেয়া হলো না সুরেশ দাসের

সুনামগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যাওয়া হলো না সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী সুরেশ চন্দ্র দাসের (৭১)। সম্মেলনে যাওয়ার আগেই বৃহস্পতিবার বিকাল ৫টায় সিলেট সদর উপজেলার কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানায়, সুরেশ দাস আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগদানের জন্য বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু, সম্মেলনে যোগ দেয়ার আগেই তার মৃত্যু ঘটলো।
প্রবীণ আইনজীবী, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা সুরেশ চন্দ্র দাসের বাসা সুনামগঞ্জ পৌর শহরের জামাইপাড়া এলাকায়। মৃতুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সুরেশ চন্দ্র দাস ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পাক হানাদার বাহিনীর হাতে গুরুতর আহত হন। এরপর মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদীন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার নওয়াগাঁও গ্রামে।
সুরেশ চন্দ্র দাসের মরদেহ শুক্রবার সকাল ১০টায় সর্বস্তরের মানুষজনের শ্রদ্ধা নিবেদনের জন্য সুনামগঞ্জ শহরের শহীদ মিনারে রাখা হবে। এরপর শহরের কেন্দ্রীয় শ্মশানে তার শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed