Main Menu

বড়লেখায় শিক্ষককে কুপিয়েছে সন্ত্রাসীরা, প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারে জালিয়াতির প্রতিবাদ করায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। ঘটনার ১৪দিন অতিবাহিত হয়ে গেলেও মামলা নিচ্ছে না থানা পুলিশ। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১১অক্টোবর) পর্যন্ত মৌলভীবাজার ও সিলেটে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালনের খবর পাওয়া গেছে। গত ২৮ সেপ্টেম্বর বিকেলে জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকে কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর বড়লেখার এনসিএম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা হয়। পরীক্ষায় বড়লেখার আঙ্গেরাবাদের মছদ্দর আলীর পুত্র আসুক আহমদ নির্বাচিত হন। পরদিন প্রকাশ পায় যে, আসুক আমদ একই উপজেলার হাজী ইনজাদ আলী উচ্চবিদ্যালয়ে শিক্ষক পদে কর্মরত এবং উক্ত বিদ্যালয়ের সভাপতির স্বাক্ষর ও স্মারক জাল করে বিধমোতাবেক অনাপত্তিপত্র দাখিল করেছেন। জালিাতির এ তথ্য প্রকাশ পাওয়ার পর প্রার্থী আসুক ও তার সহযোগীরা আবেদন ফাইলের কাগজাত ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ২৮সেপ্টেম্বর প্রধানশিক্ষক পদপ্রার্থী আসুক তার দলবল নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে হামলা চালায় । এ সময় আসুক ও তার সহযোগীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলামকে কোপিয়ে ও লোহার রড দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করে তার মোবাইল ফোন ও টাকা পয়সা নিয়ে যায় । এসময় হামলাকারীরা তার মোটর সাইকেলটিও পুড়িয়ে দেয়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার নেপথ্যে একজন ইউপি চেয়ারম্যন রয়েছেন বলে অভিযোগে প্রকাশ।
এঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.শহীদুল ইসলাম ৩ অক্টোবর বড়লেখা থানায় মামলা দিলে অজ্ঞাত কারণে মামলা নেয়নি থানা পুলিশ। পরে শহীদুল ইসলাম বড়লেখার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে ৬ অক্টোবর একটি দরখাস্ত মামলা করেন। আদালত মামলাটি এফআইআর করার নির্দেশ দিলেও আজোবধি মামলা রেকর্ডে নেয়নি বড়লেখা থানা পুলিশ।
বিচার দাবিতে সিলেটে ও বড়লেখায় শিক্ষক শহীদুল ইসলামের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে।
ঘটনার বিচার ও হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মঙ্গলবার (১১অক্টোবর) বড়লেখা এন সি এম হাইস্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রী ও এলাকাবাসীর উদ্যোগে এক বিরাট মানবন্ধন কর্মসূচী পালিত হয়। বিশিষ্ট সমাজসেবী রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও বড়লেখা পিসি হাইস্কুল শিক্ষক জাকির হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজিব দেব, তানভীর আহমদ, কামরুল ইসলাম, নিলীমা ইয়াসমীন ও হাসান আহমদ প্রমুখ। এর আগে গত ১অক্টোবর শিক্ষক শহীদুল ইসলামের প্রাক্তন ছাত্রছাত্রী সিলেট কেন্দ্রীয শহীদ মিনারে মানবন্ধন কর্মসূচী পালন করেন।
মামলার ব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ শহীদুর রহমান জানান, শিক্ষক শহীদুল ইসলাম কোর্টে মামলা করেছেন বলে জানতে পেরেছি। তবে থানায় এখনো আদালতেদর কোন আদেশ পৌছায়নি বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed