সিলেটে দুই মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর-লুট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেট নগরীর জিন্দাবাজারে দুই মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই ব্যবসায়ীর মধ্যে কথা কাটাকাটির জের ধরে জিন্দাবাজারের ব্লু-ওয়াটার ও কাজী ম্যানশনের ব্যবসায়ীদের মধ্যে রবিবার রাত ৮টা হতে সাড়ে ৯টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এসময় জিন্দাবাজারের সিটি সেন্টারের সামন থেকে কানিজপ্লাজার সামনজুড়ে ব্যবসায়ীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় জিন্দাবাজারে আগত পূজার ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি অনেক ক্রেতা উভয় মার্কেটে আটকা পড়েছিলেন।
জানা যায়, রাত ৮টার দিকে ব্লুওয়াটারের ব্যবসায়ী শাহেদ ঘুরতে আসেন কাজী ম্যানশনের ২য় তলার নাইস কালেকশনে। এখানে তিনি নাইস কালেকশনের মালিক মান্নার সঙ্গের আড্ডা দিচ্ছিলেন। রঙ্গরসের এক পর্যায়ে দুজনের কথা মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এর জের ধরে শাহেদ চলে যান ব্লুওয়াটারে। কিছুক্ষণ পর ১০-১২ জন লোক নিয়ে লোহার রড হাতে তিনি কাজী ম্যানশনে প্রবেশ করে নাইস কালেকশনের দুটি ডল ভাঙচুর করেন। মান্না দাবি করছেন, সন্ত্রাসীরা তার দোকান ভাঙচুরের পাশাপাশি ক্যাশ থেকে ৪০ হাজার টাকা লুট করেছে। এ ঘটনার পর মুহুর্তেই কাজী ম্যানশনের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। টের পেয়ে শাহেদ তার দলবল নিয়ে পালিয়ে ব্লু-ওয়াটারে চলে যান। তখন কাজী ম্যানশনের ব্যবসায়ীরা লাঠিসোটা হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে বিক্ষোভ করতে থাকেন। এর কিছুক্ষণ পর কাজী ম্যানশনের ব্যবসায়ী কমিটির সভাপতি রাহেল আহমদের কাছে ঘটনার আপোস নিষ্পত্তির প্রস্তাব নিয়ে আসেন ব্লু-ওয়াটারের শাহেদ পক্ষের ব্যবসায়ীরা। সে অনুযায়ী রাহেল ও কাজী ম্যানশনের ব্যবসায়ী নেতা আতিক ব্লু-ওয়াটারে যান সমঝোতা বৈঠকে। কিন্তু সেখানে বৈঠকের শুরুতেই আতিককে ধাক্কা মেরে বসেন ব্লু-ওয়াটারের ব্যবসায়ীরা। এ নিয়ে দ্বিতীয় দফা উত্তেজনা ছড়িয়ে পড়লে কাজী ম্যানশন থেকে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ব্লু-ওয়াটারের সামনে এসে বাইরের শোভাবর্ধন কাঁচ ভাঙচুর করেন।
এদিকে, আতিক কানিজ প্লাজার ব্যবসায়ী হওয়ায় সেখান থেকেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় জিন্দাবাজার জুড়েই আতঙ্ক দেখা দেয়। ব্লু-ওয়াটারে গ্রীল লাগিয়ে দেওয়া হয়। আটকা পড়েন ক্রেতারা। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে কাজী ম্যানশনের ব্যবসায়ী রাহেল বলেন, শাহেদ সন্ত্রাসী হামলা করায় কাজী ম্যানশনের ব্যবসায়ীরা প্রতিবাদ করেছেন। বিষয়টির আপোস মিমাংসার চেষ্টা চলছে।
ব্লু-ওয়াটারের জিএম মলয় দত্ত মিন্টু বলেন, ঘটনার সমঝোতার চেষ্টা চলছে। তুচ্ছ ঘটনা থেকে হালকা ভাঙচুর হয়েছে।
বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়েজ আহমদ বলেন, পুলিশ পরিস্থিতি শান্ত করেছে। জিন্দাবাজারে ক্রেতাদের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed