Main Menu

তাহিরপুর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা

হাবিব সরোয়ার আজাদ/মিলাদুর রহমান, সুনামগঞ্জ থেকে: দিনব্যাপী নানা আয়োজন, আলোচনা সভা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করলেন জেলা প্রশাসক ।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম, পুরোহিত কাজি, গণমাধ্যকর্মী ও সুশীল সমাজের নেতৃৃবৃন্ধের অংশ গ্রহনে জেলা প্রশাসক তাহিরপুর উপজেলাকে বৃহস্পতিবার বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক শেখ মো: রফিকুল ইসলাম বলেন, “বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি, যে কোন মূল্যে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে”। বাল্যবিবাহের জন্য ছেলে ও মেয়ে উভয় পরিবারের পিতা-মাতা, কাজী, ইমাম, পুরোহিত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব সহ যারা বাল্যবিবাহকে সমর্থন করবেন তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে। বাল্যবিবাহ ও ইভটিজিং কঠোর হস্তে দমন করা হবে। কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার জন্য উৎসাহিত করা ও শিক্ষকদের সব সময় পাঠ দানের ক্ষেত্রে আরো বেশী করে শিক্ষার্থীদের মনোযোগী করে তুলতে হবে। তিনি আরো বলেন মেয়েদের শিক্ষার কোন বিকল্প নেই, মেয়েদেরকে অবহেলা করবেন না। ছেলেদের মত তাদেরকেও পড়ালেখায় বেশী করে উৎসাহিত করুণ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার, থানার ওসি মো: শহীদুল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, আ’লীগ নেতা রঞ্জু মূখার্জি, অনুপম রায়, সহকারি শিক্ষক শেখর রায় প্রমুখ।
আলোচনা সভার প্রারম্ভে বাল্য বিবাহ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধিদের অংশ গ্রহনে একটি র‌্যালী বের করা হয়। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তাহিরপুর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন। এছাড়াও এ উপলক্ষ্যে একটি ফলক উন্মোচন করা হয়। এর আগে বুধবার জেলা প্রশাসক সদর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করেন। তাহিরপুরে বৃহস্পতিবার দিন ব্যাপী তিনি বাল্য বিবাহের অনুষ্ঠানে যোগদান ছাড়াও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

Share





Related News

Comments are Closed