Main Menu

বিশ্বনাথে প্রতিমা তৈরীতে ব্যস্ত কারিগররা

মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: হিন্দু ধর্মের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। পূজার আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও সিলেটের বিশ্বনাথ উপজেলায় দূর্গা পূজার ব্যাপক প্রস্তুতি চলছে। শেষ মূহুর্তে প্রতিটি পাড়া-মহল্লায় চলছে প্রতিমা তৈরির ধুম। দিন-রাত সমান তালে প্রতিমা তৈরি করে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পিরা। এখন শুধু বাকি রয়েছে প্রতিমায় রং তুলির কাজ। আগামী ২/৩ দিনের মধ্যে রং তুলির কাজ শুরু হবে বলে প্রতিমা শিল্পীরা জানান। পূজা আসলেই প্রতিমা তৈরি শিল্পীদের কদর। পূজা চলে গেলে তাদের কদর কমে যায়। এদের ভাগ্যের কোন পরিবর্তণ হয় না। পায় না কোন সরকারি সাহায্য সহযোগীতা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন মন্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। অনেক প্রতিমা শিল্পীরা বাড়িতে চলে গেছেন। দুই একদিন পর প্রতিমা শিল্পীরা এসে রং তুলির কাজ করবেন। উপজেলার আট ইউনিয়নে এবছরে ৩১টি পূজা মন্ডপে পূজা অনুষ্টিত হবে বলে জানা গেছে।
এদিকে, উপজেলায় প্রায় ১১টি মন্ডপ ঝুকিপূর্ণ বলে জানা গেছে। গত বছরেও এসব মন্ডপগুলো ঝুকিপূর্ণ ছিল। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবছরও শান্তিপূর্ণভাবে পূজা পালন হবে বলে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান।
প্রতিমা তৈরি শিল্পিরা জানান, এসব পূজা মন্ডপে প্রতিমা সরবারহ করতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। তাই খাওয়া-দাওয়া শেষে আরাম করার সময়টুকুও তাদের নেই। তারা জানান, বাঁশ ও খড় দিয়ে প্রতিমা অবকাঠামো তৈরির পর মাটি দিয়ে প্রলেপ দিচ্ছেন শিল্পিরা। বছরের এই সময়টা ব্যস্ততায় কাটলেও অন্য সময় তাদের হাতে থাকেনা কাজ। কিন্তু কঠোর পরিশ্রম করেও তাদের কাটাতে হয় মানববেতর জীবন। তাই অনেকেই বাধ্য হয়ে বাপ-দাদার এই পেশা টিকে রেখেছেন কোন রকমে। কেউ কেউ এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত আর্চায্য জানান, এবছরে ব্যক্তিগত ভাবে ৭টি মন্ডপে ও সার্বজনীন ২৪টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পূজা পালন করার জন্য তিনি আহবান জানান।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, উপজেলার প্রতিটি পূজামন্ডপে ৫শত কেজি করে চাল বরাদ্দ দেয়ার সিদ্বান্ত গৃহিত হয়েছে। পূজায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। এবার ৩১টি মন্ডপে পূজা উদযাপন হবে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed