Main Menu

কিবরিয়া হত্যা: বিস্ফোরক মামলাও দ্রুত বিচার ট্রাইব্যুনালে

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা দ্বিতীয় মামলাও সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় বলে জানান হবিগঞ্জের পিপি সিরাজুল হক চৌধুরী।

এর আগে হত্যা মামলাও ওই ট্রাইব্যুনালে পাঠানো হয়। তার সাক্ষ্যগ্রহণ চলছে।

পিপি বলেন, কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা হয়। একটি হত্যামামলা, আরেকটি বিস্ফোরক মামলা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিস্ফোরক মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়েছেন হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আতাব উল্লাহ।

“বৃহস্পতিবার বিকালে পুলিশ পাহারায় মামলার যাবতীয় কাগজপত্র সিলেটে পাঠানো হয়। আগামী রোববার (২৫ সেপ্টেম্বর) ওই ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের পর বিচার শুরু হওয়ার কথা রয়েছে।”

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যেরবাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন মারা যান। নিহত অন্যরা হলেন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

Share





Related News

Comments are Closed