Main Menu

মোবাইল চুরি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি: মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচংয়ে বৃহস্পতিবার দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ শতাধিক লোক আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ১৪ জনকে সিলেট ওসমানী হাসপাতাল ও ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাইদুর রহমানের একটি মোবাইল ফোন কয়েকদিন আগে চুরি হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে স্থানীয় সাইদুরের সাথে একই গ্রামের আতাবুর মিয়ার ছেলে লিটন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষ, টেঁটাবিদ্ধসহ শতাধিক লোকজন আহত হন।

এ সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় এবাদ মিয়া, আলমগীর মিয়া, আউয়াল মিয়া, জিয়াউর রহমান, সাবাজ, সারাজ, মাসুক, আব্দুল মিয়া, ভিংরাজ, সানু মিয়া, হামিদ মিয়াসহ ১৪ জনকে টেঁটাবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানা ও হবিগঞ্জ দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed