Main Menu

সুনামগঞ্জে বিজিবি-চোরাচালানী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

হাবিব সারোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানী ও গ্রামবাসীর হামলা ঠেকাতে বিজিবি ৬ রাউন্ড গুলিবর্ষণ করেছে। এতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।  মঙ্গলবার বিকেলে জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের মনাইপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রবিকুল ইসলাম উপজেলার পূর্ব মুকশেদপুর গ্রামের মৃত আবদুল বারিকের ছেলে। এ নিয়ে বিজিবি ও স্থানীয় এলাকাবাসী পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত ঐ এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। এ নিয়ে গোটা এলাকায় আতংক ও থমথমে অবস্থা বিরাজ করছে।
বিজিবি ২৮ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার সুত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার মনাইপাড় এলাকায় দায়িত্বপূর্ণ বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির বিজিবির একটি টহল দল মঙ্গলবার বিকেল ৪টার দিকে বেশ কয়েকজন মাদক চোরাচালানীকে ভারতীয় মদ সহ আটক করে। এ সময় মাদক চোরাচালানী ও গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে বিজিবির ওপর হামলা করে দুই চোরাচালানীকে ছাড়িয়ে নিয়ে যায়। এতে বিজিবির টহল দল আত্নরক্ষার্থে রাইফেল দিয়ে ৬ রাউন্ড গুলিবর্ষণ করে। এরপর পুনরায় গ্রামবাসী বিজিবির টহল দলকে অবরুদ্ধ করে রাখলে তাহিরপুরের লাউড়েরগড় ও বিশ্বম্ভরপুরের মাছিমপুর বিওপির বিজিবির অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ টহল দলকে গ্রামবাসীর কবল থেকে উদ্ধার করে।
অপরদিকে এলাকার একাধিক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মনাইপাড় গ্রামের প্রবীণ মুরুব্বী আবুল ফজল জানান, মানাইপাড় সাক্তারের দোকানে বসে কয়েক জন স্থানীয় যুবক মদ সেবন করছিলো এমন খবর পেয়ে বিকেলে মাছিমপুর বিওপির বিজিবির টহল দল এসে ৫/৬ যুবককে আটক করে। এরপর বিজিবি আটককৃত যুবকদের মধ্যে মনাইপাড় গ্রামের শাহিন উদ্দিন, ইছব আলী, শাহপরানকে সাক্তারের দোকানের সামনে ফেলেবেধরক ভাবে পেঠাতে থাকে। এ সময় এক বয়োবৃদ্ধ মহিলা বিজিবিকে নিবৃক্ত করতে গেলে তিনিও মারধরের শিকার হন। এ অবস্থায় ঈদুল আযহার দিনে বিজিবির এহেন ঘটনায় গ্রামবাসী বিক্ষুদ্ধ হয়ে তাদের ওপর হামলা করলে বিজিবিও হামলা ঠেকাতে রাইফেল দিয়ে গুলিবর্ষণ করে।
বাদাঘাট উত্তর ইউয়িনের স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তাফা জানান, যতটুকু জানতে পেরেছি বিজিবি ভারতীয় মদ সহ কয়েকজন চোরাচালানীকে আটক করে বিওপিতে নিয়ে যেতে চাইলে গ্রামবাসী ভুল বুঝে বিজিবির ওপর হামলা করলে এ ঘটনাটি ঘটেছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি রাত সাড়ে ৭টার দিকে এ প্রতিবেদকে বলেন, ভারতীয় মদ সহ চোরাচালানীদের আটক করে টহল দল ক্যাম্পে নিয়ে যেতে চাইলে চোরাচালানী ও তাদের সহযোগীরা বিজিবির ওপর পাল্টা হামলা করে দুই চোরাচালানীকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বিজিবি আত্বরক্ষার্থে ৬ রাউন্ড রাইফেলের গুলি বর্ষণ করতে বাধ্য হয়। সরেজমিনে ঘটনা জানতে ব্যাটালিয়ন অধিনায়ক রাত সাড়ে ৭ টার পর ঘটনাস্থল অভিমুখে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed