Main Menu

ইলিয়াস আলীর নামে তিন হাজার পশু কোরবানি!

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর নামে এবারের ঈদুল আযহা (কোরবানির ঈদে) সিলেট বিভাগে প্রায় তিন হাজার পশু কোরবানি হবে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজেদের কোরবানির পশুতে তাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর নাম দিবেন বলে অনেকেই জানিয়েছেন। গত বছরেও ইলিয়াস আলীর নামে প্রায় আড়াই হাজার পশু কোরবানি দেয়া হয়েছিল।
এদিকে, ইলিয়াস আলীর পরিবারের পক্ষ থেকে তিনটি পশু এবার কোরবানি দেয়া হবে বলে পরিবার সূত্রে জানাগেছে। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের রামধানায় তার মা সূর্যবান বিবি ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করবেন ইলিয়াসের সহধর্মিনী তাহসিনা রুশদী লুনা, ছেলে আবরার ইলিয়াস, নাবিদ, মেয়ে সাইয়ারা নাওয়াল। গত শুক্রবার বিকেলে তারা ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছেছেন। খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা ইলিয়াস আলীর বাড়িতে ভীড় করছেন।
জানা যায়, ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথ-বালগঞ্জ-ওসমানীনগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইলিয়াস আলীর বাড়িতে আসছেন। তার পরিবারের খোঁজ খবর নিচ্ছেন। এসময় তারা ইলিয়াস আলীর বাড়িতে এসে তার মা সূর্যবান বিবি ও স্ত্রী তাহসিনা রুশদী লুনার সঙ্গে সাক্ষাৎ করেন।
ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা বলেন, বাড়িতে ঈদ করার জন্য এসেছি। ইলিয়াস আলীর প্রসঙ্গে বলেন, তিনি দেশের জন্য রাজনীতি করছেন। তাকে এভাবে গুম করা হবে কখনও ভাবিনি। আমাদের দৃঢ় বিশ্বাস তিনি এখনও জীবিত আছেন এবং দেশের জনগণের মাঝে ফিরে আসবেন। দেশবাসীর কাছে তিনি দোয়া কামনা করেন।
ইলিয়াস আলীর একান্ত সচিব ময়নুল হক জানান, সিলেট বিভাগের প্রায় তিন হাজার বিএনপি ও ইলিয়াস সর্মথকরা তাদের কোরবানীর পশুতে ইলিয়াস আলীর নাম দিবেন। অনেকেই জানিয়েছেন তারা তাদের প্রিয় নেতার নামে পশু কোরবানি করবেন।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া বলেন, গত বছরের ন্যায় এবারেও আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর নামে পশু কোরবানি দেয়া হবে।
উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সদস্য সুহেল আহমদ চৌধুরী বলেন, গত বছরের মতো এবারেও আমাদের পরিবারের কোরবানির পশুতে ইলিয়াস আলীর নাম দেয়া হবে।

Share





Related News

Comments are Closed