Main Menu

ওসমানীনগরে ইমামের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরের মোবারকপুর মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানের মৃত্যু নিয়ে থানায় মামলা হয়েছে। নিহতের পিতা আব্দুল বারী বাদী হয়ে শুক্রবার ওসমানী নগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেছেন।
ওসমানী নগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত ইমাম হত্যার বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
এদিকে, ওসমানীনগর মোবারকপুর মসজিদের ইমাম হত্যার প্রতিবাদে নানা কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা ও মহানগর শাখা। শুক্রবার রাতে এক প্রতিবাদ সভায় তারা এসব কর্মসূচি গ্রহণ করেন। কর্মসূচির মধ্যে রয়েছে-শনিবার নিহত মাওলানা আব্দুর রহমানের কর্মস্থল মোবারকপুর মসজিদ কমিটি ও উপজেলা প্রশাসনের সাথে মত বিনিময়, ১১ সেপ্টেম্বর সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে মানববন্ধন, ১৮ সেপ্টেম্বর সিলেট জেলা পুলিশ সুপারের সাথে মতবিনিময়, পরে প্রতি উপজেলায় মানববন্ধন। মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদ কাসেমীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মহানগর সহসভাপতি মাওলানা শহীদ আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা আব্দুস সামাদ প্রমুখ।
এছাড়া, ইমাম হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় ইমাম সমিতি দক্ষিণ সুরমা শাখার সভাপতি মাওলানা মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, ওসমানী নগর সভাপতি মাওলানা আবুল বাশার, সাধারণ সম্পাদক মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ, জেলা দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে ওসমানীনগর মোবারকপুর মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানের হাত পা বাধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়। ভোরে মসজিদে মসজিদে নামাজ পড়তে আসা লোকজন নিজ কক্ষে ইমামের হাত-পা বাধা অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পান।

Share





Related News

Comments are Closed