Main Menu

মানবকঙ্কালসহ সিওমেকের ২ কর্মচারী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে মানব কঙ্কাল কেনাবেচার অভিযোগে ওসমানী মেডিকেল কলেজের দুই কর্মচারীকে আটক করেছে র‌্যাব-৯। আটককৃতরা হচ্ছেন- মো. বেল্লাল হোসাইন (৪০) ও তার সহযোগী হীরা মিয়া (২১)। এই দু’জন ওসমানী মেডিকেল কলেজের হিস্টোলজি বিভাগের কর্মচারী। মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কবর থেকে লাশ উত্তোলন করে কঙ্কাল বাণিয়ে বিক্রি করতো এই চক্র।
বুধবার রাতে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতরা প্রায় ৫/৬ বছর ধরে অবৈধভাবে মানুষের কঙ্কাল বিক্রি করে আসছিল। সিলেটের কালাগুলস্থ হযরত বিয়াবনশাহ পীরের মাজারের প্রধান খাদেম জনৈক পংকি মিয়া তাদের কঙ্কাল সরবরাহ করত বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।
র‌্যাব জানায়, কঙ্কাল বাণিজ্যের অভিযোগ পেয়ে গোপন সংবাদেও ভিত্তিতে শাহজালাল মাজারের দ্বিতীয় গেইট সংলগ্ন পূবালী ব্যাংকের সামন থেকে একটি মানব কঙ্কালসহ বেল্লালকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী হীরা মিয়াকে আটক করা হয়।
বেল্লাল হোসাইনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পংকি মিয়া কবর থেকে লাশ উত্তোলন করে বিভিন্ন রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে কঙ্কালে পরিণত করতেন এবং পরবর্তীতে চাহিদা অনুযায়ী তাদের সরবরাহ করতেন।
এদিকে, বেল্লালের দেওয়া তথ্য মতে ওসমানী মেডিকেল কলেজের হিস্টোলজি বিভাগ থেকে আরো দুটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কঙ্কাল সরবরাহকারীর বিরুদ্ধেও অনুসন্ধান চালানো হচ্ছে।
উদ্ধারকৃত কঙ্কালসহ আসামীদেরকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মোহাম্মদ জিয়াউল হক।

Share





Related News

Comments are Closed