Main Menu

সাব্বিরুল নিহত কিনা নিশ্চিত নন তার বাবা

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির মধ্যে চট্টগ্রামের সাব্বিরুল হক কনিক আছে কিনা সে বিষয়ে নিশ্চিত নন তার বাবা আজিজুল হক।

বুধবার সকালে গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে ছেলের নিহতের ব্যাপারে প্রাথমিকভাবে ‘নিশ্চিত’ হলেও পরে তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

এব্যাপারে চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা দুপুরে জানান, নিহতদের মধ্যে সাব্বিরুল আছে কিনা তা নিয়ে আজিজুল হকে মধ্যে সংশয় দেখা দিয়েছে। সকালে গণমাধ্যমের প্রকাশিত ছবি দেখে তিনি ছেলের পরিচয় নিশ্চিত করলেও পরে পুলশ কার্যালয়ে বড় ছবি দেখে তার মধ্যে সংশয় তৈরি হয়।

সাব্বিরুলের সঙ্গে ছবির ওই যুবকের মুখ ও চুলে অমিল খুঁজে পান চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা আজিজুল।

চট্টগ্রামের আনোয়ারার বরুলছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক এই সভাপতি বলেছেন, ‘আমাদের পুরো ফ্যামিলি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। ছবিটি যদি সাব্বিরুলের হয়, তবে লাশ আনতে যাব না। গণমাধ্যম ডেকে জাতির কাছে ক্ষমা চাইব।’

পুলিশ সুপার নূরে আলম মিনা বলেন, ‘আমরা তাকে (সাব্বিরুলের বাবা) ছবি দেখিয়েছি। তিনি আমাদের জানিয়েছেন, তার ছেলে নিখোঁজ। রাউজানে এক বিয়েতে যাওয়ার কথা বলে সে বের হয়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই।’

‘আজিজুল হক গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে সকালে তার ছেলে সাব্বিরুলকে সনাক্ত করলেও পরে পুলিশ কার্যালয়ে বড় পর্দায় ছবিগুলো দেখে তার ছেলে নিহত হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেন’- বলেন চট্টগ্রামের পুলিশ সুপার।

এ পরিস্থিতিতে আজিজুল হককে ঢাকায় গিয়ে লাশ দেখার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার নূরে আলম মিনা।

এর আগে, সকালে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একে এম ইমরান ভূঁইয়া জানান, কল্যাণপুরে নিহতদের একজন সাব্বিরুল হক কনিক (২২)। তিনি চট্টগ্রামের সীতাকুন্ডের কুমিরা ক্যাম্পাসে আন্তর্জাতিক ইসালামিক বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

Share





Related News

Comments are Closed