Main Menu

সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা সদরের সাথে তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থা গত এক সপ্তাহ্ যাবৎ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার সীমান্ত নদী জাদুকাঁটার পানি বুধবার থেকে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই সাথে নতুন করে বন্যা হওয়ার আশংকাও দেখা দিয়েছে।
গত এক সপ্তাহের টানা বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে উপজেলার বালিজুরী, বাদাঘাট, বড়দল উত্তর, বড়দল দক্ষিন, শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিন সহ তাহিরপুর সদর ইউনিয়নের গ্রামীন রাস্তা-ঘাটের অধিকাংশ ভেঙে গেছে এবং বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।
সরেজমিনে বুধবার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তাহিরপুর উপজেলার সীমান্ত সড়ক বারেকটিলা-বাগলী সড়কের কয়েকটি জায়গায় নির্মাণাধীন ব্রীজের উপর দিয়ে প্রচুর পরিমান পানি পড়ায় সড়ক যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। এ ছাড়াও তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের সঙ্গে জেলা সদরের একমাত্র সড়ক তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিন বাদাঘাট ইউনিয়নের শক্তিয়ারখলা একশো মিটার ব্রীজ থেকে দূর্গাপুর পর্যন্ত ২ কি. মি. সড়ক সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। গত পাঁচদিন যাবৎ এখানে ছোট ছোট নৌকা দিয়ে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল নিয়ে পারাপার হচ্ছেন ।
সুনামগঞ্জ গ্রামীন ব্যাংকের চাকুরীজীবি রবিউল ইসলাম রিগ্যান সহ একাধিক ব্যবসায়ী ও যাতায়াতকারী জানিয়েছেন , গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারনে তাহিরপুর উপজেলার একমাত্র সড়ক তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের এ জায়গাটিতে প্রতিদিন জেলা শহরে নানা জরুরী প্রয়োজনে যাথায়াতকারী হাজার হাজার যাত্রী গত এক সপ্তাহ্ যাবৎ অবর্ণনীয় দোর্ভোগ পোহাচ্ছেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদুর রহমান জানান, গত কয়েকদিনের টানা বর্ষন ও পাহাড়ী ঢলের কারনে উপজেলার ৭টি ইউনিয়নের কিছু গ্রামীন রাস্তা-ঘাট ভেঙে গেছে এবং কিছু রয়েছে পানির নিচে, বৃষ্টিপাত কমে গেলেই এগুলি মেরামত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Share





Related News

Comments are Closed