Main Menu

বিশ্বনাথে মহিলার টাকা ও স্বর্ণ ছিনতাই, আটক ২

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: দিনে দুপুরে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় বিশ্বনাথে দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছে জনতা। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটর সাইকেল (সিলেট-হ ১৩-৮৭৫২) জব্দ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামের বড়বাড়ি এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি সংগঠিত হয়। এসময় মোটর সাইকেল আরোহী দুই ছিনতাইকারী এক মহিলাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মহিলার কাছ থেকে নগদ ১ লাখ টাকা, স্বর্ণের চেইন, ২টি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। এসময় মহিলার আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে আটক করে।
জনতার হাতে আটককৃত ছিনতাইকারীরা হলেন সিলেটের জালালবাদ থানার পীরপুর গ্রামের কামাল উদ্দিনের পুত্র শাহজাহান (৩০) ও একই থানার কালিগাঁও গ্রামের আবদুল মতিনের পুত্র শাহ আলম (৩০)। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হলে স্থানীয় জনতা আটককৃত ছিনতাইকারীদের পুলিশের কাছে সোর্পদ করেন। ছিনতাইকারীরা মহিলার মাথায় চাকু ধরে তার সঙ্গে থাকা এক লাখ টাকা, এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে নেয় বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ মহিলা করিমা বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বগিরচক গ্রামের শাহিন আহমদের স্ত্রী করিমা বেগম সোমবার সকালে অপর এক মহিলাকে সাথে নিয়ে ব্যাটারী চালিত রিকশা যোগে সিলেট সদর উপজেলার মীরপুর গ্রামে তাঁর (করিমা বেগম) এক আতœীয়ের বাড়িতে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। নিজ বাড়ি থেকে বের হয়ে করিমা বেগম উপজেলা সদরের আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী দেবরের কাছ থেকে নগদ ১ লাখ টাকা নেন। উপজেলার হোসেনপুর বড় বাড়ির সামনে যাওয়া মাত্রই মোটর সাইকেল আরোহী দুই ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে করিমা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন, দুটি মোবাইল সেট, ১ লাখ টাকা ভর্তি হাত ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এসময় করিমা ও তাঁর সাথে থাকা মহিলা চিৎকার শুরু করলে ছুটে আসেন এলাকাবাসী। ধাওয়া দিয়ে এলাকাবাসী একসময় দুই ছিনতাইকারীকে আটক করে ব্যাপক গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ছিনতাইকারী কর্তৃক ছিনিয়ে নেওয়া করিমা বেগমের হাত ব্যাগ উদ্ধার হলেও টাকা, স্বর্ণের চেইন কিংবা মোবাইল সেই উদ্ধার হয়নি বলে জানা গেছে। ছিনতাইকারীদের আটক ও ছিনতাইয়ে ব্যবহার করা মোটর সাইকেল উদ্ধার করার সত্যতা স্বীকার করে বিশ^নাথ থানার এসআই কল্লোল গোস্বামী বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed