Main Menu

শায়েস্তাগঞ্জে হোটেল থেকে ৬ যুবক-যুবতি আটক

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের একটি আবাসিক হোটেল থেকে অসামাজিকতার অভিযোগে ৬ যুবক-যুবতীসহ এক হোটেল বয়কে আটক করেছে পুলিশ।
দুই যুবতীসহ এদের ৫ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে।
অপর ২ যুবক-যুবতীর অভিভাবকের সম্মতিতে হয়েছে বিয়ের মালা বদল।
আলোচিত এই হোটেলে একের পর এক জঘন্য এ অসামাজিক কার্যকলাপের ঘটনায় শায়েস্তাগঞ্জ এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। প্রশ্ন উঠেছে এটি হোটেল না পতিতালয়?

স্থানীয় সূত্র জানায়, শায়েস্তাগঞ্জের একটি আলোচিত আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে প্রায় প্রকাশ্যেই চলছে দেহ ব্যবসার মত অসামাজিক কার্যকলাপ। ইতিপূর্বে অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় ওই হোটেল থেকে বহুবার আটক হয়েছে অসংখ্য যুবতী ও খদ্দের। কিন্তু তারপরও অদৃশ্য এক খুঁটির জোরে এখানে চলতে থাকে অসামাজিক কার্যকলাপ।

এরই ধারাবাহিকতায় গত রোববার গভীর রাতে ওই হোটেল থেকে ৩ জোড়া যুবক-যুবতীসহ হোটেল বয়কে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ওই আটক অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই আতিকুল আলম।

সোমবার (১১ জুলাই) দুপুরে আটককৃতদের হাজির করা হয় হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরীর ভ্রাম্যমান আদালতে। পরে আদালত যাচাই-বাছাইয়ের পর আটককৃতদের মধ্যে ৪ যুবক-যুবতী ও হোটেল বয়কে ১ মাস করে কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হল, চুনারুঘাট উপজেলার গোলগাও গ্রামের মুসলিম উদ্দিনের পুত্র আব্দুর রহিম (২০), একই উপজেলার গোবরখলা গ্রামের মৃত তাহির মিয়ার কন্যা লাভলী আক্তার (২২), নবীগঞ্জ উপজেলার ফুলতলী এলাকার বাসিন্দা বাহুবল উপজেলার মিরপুর বাজারস্থ শান্তিবাগ হোটেলের কর্মচারী রাসেল মিয়ার নব-বিবাহিত স্ত্রী সুইটি আক্তার (১৯), চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের আব্দুল কাদিরের পুত্র আব্দুল হামিদ (২৩) ও হোটেলের বয় মোঃ রফি মিয়া (২২)।

এদিকে, আটককৃত অপর ২ যুবক-যুবতীকে অভিভাবকদের সম্মতিতে বিয়ের মালা বদল করানো হয়েছে। এরা হল, মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের কলেজ ছাত্র সাইফুল রহমান তুহিন (২২) ও বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের ফাতেমা আক্তার (১৮)।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী জানান, হোটেল মালিককে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এরকম কাজের পুনরাবৃত্তি ঘটলে হোটেলটি সিলগালাসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed