Main Menu

মৌলভীবাজারে একদিনে চার শিক্ষার্থী নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে সোমবার চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তাদের স্বজনেরা কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওই শিক্ষার্থীদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।

কুলাউড়া পুলিশ ও নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার সূত্রে জানা গেছে, কুলাউড়া পৌরশহরের রাবেয়া আদর্শ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী কুলাউড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে রিয়া আক্তার (১২) ও একই গ্রামের ক্ষিতিশ চন্দ্রের মেয়ে পপি চন্দ্র (১২) সোমবার (১১ জুলাই) দুপুরে পরীক্ষা দিতে বাড়ী থেকে স্কুলে আসার পথে নিখোঁজ হয়। এদিকে ওই দিন বিকেলে পৌরশহরের আহমদাবাদ (সোনপুর) এলাকার মাসুক ঢালীর ছেলে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রানা ঢালী (১৩) ও একই গ্রামের স্কুলছাত্র ফাহিম আহমদ (১৫) নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পর তাদের সন্ধান না পেয়ে কুলাউড়া থানায় জিডি করেছে নিখোঁজের পরিবারগুলো।

কুলাউড়া থানার ওসি শামছুদ্দোহা পিপিএম জানান, তাদের নিখোঁজের বিষয়টি এখনও রহস্যময়। তবে তাদের উদ্ধার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

রাবেয়া আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, পপি ও আয়শাকে তাদের সহপাঠীরা পরীক্ষা শুরুর আগে বিদ্যালয়ের সামনের সড়কে হাঁটাহাঁটি করতে দেখেছে। কিন্তু পরে তারা পরীক্ষায় অংশ নেয়নি। এ ব্যাপারে সহপাঠীদের কিছু তারা বলেনি।

 

Share





Related News

Comments are Closed