Main Menu

নিলু হত্যা: স্বামীসহ ৫ জনকে আসামী করে মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরীর পীর মহল্লায় গৃহবধূ আয়েশা খানম নিলু খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতেই নিহত আয়েশার বড় ভাই সালেহ আহমদ বাদী হয়ে আয়েশার স্বামীসহ ৫ জনকে আসামী করে এসএমপি’র এয়ারপোর্ট থানায় এ মামলাটি (নং-৭) দায়ের করেন।
মামলার এজাহারনামীয় আসামীরা হচ্ছে- বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত সোরাব আলীর পুত্র নিহত আয়শার স্বামী কয়েছ আহমদ, শহর আলী, শাহীন আহমদ, সাহেল আহমদ ও আয়েশার শ্বাশুড়ী আখি দিখি।
এয়ারপোর্ট থানা পুলিশ প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছে, যৌতুক না পেয়ে নগরীর পীর মহল্লায় হত্যা করা হয় গৃহবধূ আয়েশা খানম নিলুকে (২৬)। প্রায় এক সাপ্তাহ পূর্বে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে। রোববার বিকেলে পীর মহল্লার সুনু মিয়ার ১৮২ নং ভাড়াটে বাসা থেকে আয়েশা খানমের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকেই আয়েশার স্বামী কয়েছ আহমদ ১ ও ৩ বছর বয়সী দুই কন্যা সন্তানকে নিয়ে পলাতক রয়েছেন। তবে পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ময়না তদন্ত শেষে সিলেট ওসমানী হাসপাতাল থেকে আয়েশা খানমের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আসরের নামাজের পর জানাযা শেষে তার লাশ নগরীর মানিকপীর (রহ.) টিলায় দাফন করা হয়।
ওসমানী হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ আয়েশা খানমের লাশ পুরোটাই পচে গেছে। তাকে কিভাবে হত্যা করা হয়েছে তা নিশ্চিত নয় ফরেনসিক বিভাগ। তবে লাশের শরীর থেকে কিছু আলামত সংগ্রহ করে তা পরীক্ষা-নীরিক্ষার জন্য ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার এজাহারনামীয় আসামিদেরকে গ্রেফতার করার জন্য পুলিশী অভিযান অব্যাহত আছে। যৌতুকের টাকা না দেয়ায় গৃহবধূ আয়েশা খানমকে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।

Share





Related News

Comments are Closed