Main Menu

রাগীব আলীর বিরুদ্ধে জালিয়াতি মামলার চার্জশীট দাখিল


বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশিস্ট শিল্পপতি রাগীব আলীর বিরুদ্ধে এবার মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতির মামলার চার্জশীট দাখিল করেছে পিবিআই।
রোববার (১০ জুলাই) সকালে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরুর আদালতে চার্জশীট দাখিল করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (পিবিআই) সারওয়ার জাহান জানান, ২০০৫ সালে সরকারের নির্দেশে রাগীব আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মন্ত্রণালয়ের কাগজ জালিয়াতি করে তারাপুর চা বাগান নিজেদের নামে লিখে নেয়ার অভিযোগে সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়। ২০০৫ সালে জেলা প্রশাসনের পক্ষে মামলা দুটি করেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুল কাদির।
এর মধ্যে একটি মামলায় রাগীব আলী ও তার পুত্র আব্দুল হাইকে আসামি করা হয়। অপর মামলায় রাগীব আলী, তার স্ত্রী-পুত্র, স্বজন মোস্তাক মজিদ ও তারাপুর চা বাগানের মন্দিরের সেবায়েত পঙ্কজ দাশগুপ্তসহ সাতজনকে আসামি করা হয়।
এদের মধ্যে রাগীব আলীর স্ত্রী রাবেয়া খাতুন মৃত্যুবরণ করায় চার্জশীট থেকে তার নাম বাদ দেয়া হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন এ মামলাগুলো বন্ধ থাকার পর গত এপ্রিল মাসে উচ্চ আদালতের নির্দেশে তদন্ত শুরু করে পিবিআই।

Share





Related News

Comments are Closed