Main Menu

শোলাকিয়ায় বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের প্রবেশ পথে পুলিশের ওপর বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪জনে জনে দাঁড়িয়েছে। দুপুর ১টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জহিরুল ইসলাম ও আনসারুল ইসলাম নামে দুই পুলিশ নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একইসঙ্গে এঘটনায় হামলাকারীদের একজন ও স্থানীয় এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঈদগাহ ময়দান থেকে কয়েকশ’ মিটার দূরে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত হামলাকারীর পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত নারীর নাম ঝর্ণা রানী ভৌমিক। তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম দুই পুলিশ কনস্টেবলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, কনস্টেবল জহিরুলের মৃত্যু হয় ঘটনাস্থলে। আর মাথায় গুলিবিদ্ধ আনসার উল্লাহ‘র মৃত্যু হয় বেলা ১২টার দিকে ময়মনসিংহ সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে। গুরুতর আহত ৬ পুলিশ সদস্যকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজে, পরে সেখান থেকে ময়মনসিংহ সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।

পরে আহতদের নিয়ে বেলা সোয়া ১২টার দিকে একটি হেলিকপ্টার ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। আহত পুলিশ সদস্যরা হলেন-কনস্টেবল জুয়েল, মশিউর, প্রশান্ত, রফিকুল ও তুষার এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নয়ন।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশাররফ হোসেন জানান, শোলাকিয়ায় ঈদ জামাতের আগে স্থানীয় আজিমুদ্দিন স্কুলের সামনে টহল পুলিশের উপর শক্তিশালী ককটেল হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে দুই পুলিশ সদস্যসহ ১২ জন আহত হয়। আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল জহিরুল ইসলাম ও আনসারুল ইসলাম মারা যায়। পরে পুলিশ-সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক হামলাকারী নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, ঈদের জামাতের আগে শোলাকিয়া ঈদগাহ থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যে আজিমুদ্দিন স্কুলের পাশে টহলরত পুলিশের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। দুর্বৃত্তদের ছোড়া বিস্ফোরক ও গুলিতে হতাহতের ঘটনা ঘটে। হামলার ঘটনায় শোলাকিয়া ময়দানে থাকা মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নির্বিঘ্নে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনা ঘটে। রাতভর জিম্মি ঘটনার পর ২ জুলাই সকালে কমান্ডো অভিযান চলে। এতে ২০ জিম্মি নিহত হন। তাঁদের মধ্যে বেশির ভাগই বিদেশি। এই হামলার দায় স্বীকার করে জঙ্গি দল আইএস।

Share





Related News

Comments are Closed