দেশের বিভিন্ন স্থানে ঈদুল ফিতর উদযাপিত
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি স্থানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
বুধবার ঝিনাইদহ, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, চাঁদপুর, নারায়ণগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, ভোলা জেলার কয়েকটি গ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছেন কয়েক হাজার মানুষ।
লক্ষ্মীপুর: সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মত এবারও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ও কাঞ্চনপুর ইউনিয়নের সাতটি গ্রাম ও রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কয়েকশ’ পরিবার বুধবার ঈদুল ফিতর উদযাপন করছেন।
এ সব গ্রামের পাঁচ শতাধিক মুসল্লি বিভিন্ন ঈদগাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর হোসেন বলেন, চারটি ইউনিয়নের তিন শতাধিক পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার ঈদুল ফিতর উদযাপন করছেন। সকাল ৯টায় বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ : জেলার হরিণাকুণ্ডু উপজেলার ১৩টি গ্রামে বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরই ঈদ উদযাপন করে থাকেন তারা।
বুধবার সকাল ৮টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার আব্দুল কাদের দুলদুলের ধানের চাতালের অস্থায়ী ঈদগাহে তারা ঈদের নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন পায়রাডাঙ্গা জামে মসজিদের ইমাম আসাদুজ্জামান।
আসাদুজ্জামান জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডু উপজেলার ভালকী, পায়রাডাঙ্গা, বৈঠাপাড়া, কুলবাড়িয়া, বোয়ালিয়া, পার্বতীপুরসহ ১৩ গ্রাম থেকে শতাধিক মুসল্লি একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন।
মৌলভীবাজার : সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার মৌলভীবাজার জেলার বিভিন্নস্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে সহস্রাধিক মুসল্লী অংশ নেন।
মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার ছাদে বুধবার সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে বিভিন্ন এলাকা আগত নারী ও পুরুষ অংশ নেন।
এছাড়া জেলার কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
উজাণ্ডি পীর আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরীর অনুসারীরা ২০০৭ সাল থেকে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই রোজা শুরু ও ঈদ পালন করে আসছে।
চাঁদপুর : সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের চারটি উপজেলার ৪০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে বুধবার সকাল ১০টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন পীরজাদা আরিফ চৌধুরী।
জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের পীর ডা. ইসহাকের ভক্ত-অনুসারীরা শত বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম রমজান ও ঈদ করে আসছেন।
নারায়ণগঞ্জ : সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় একটি মাদ্রাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় হানাফি অনুসারী মুসলমান সম্প্রদায়ের মানুষ মমতাজিয়া হেফজ ও এতিমখানা মাদ্রাসায় ঈদের এই জামাতে অংশ নেন। মুসল্লিরা কেউই স্থানীয় বাসিন্দা নন।
জানা যায়, গাজীপুর, সাভার, পুরান ঢাকা, কালীগঞ্জ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ও মুন্সীগঞ্জ থেকে এসে প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করেন এ সম্প্রদায়ের মুসলমানরা।
ভোলা : ভোলা জেলার বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও লালমোহন উপজেলার ৯টি গ্রামে বুধবার ঈদ উৎসব পালিত হচ্ছে।
সৌদি আরবের সঙ্গে মিল লেখে বোরহানউদ্দিনন উপজেলার টবগী ইউনিয়নের তিনটি ওয়ার্ডে সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানান, ওসি রতন কৃষ্ণ চৌধুরী।
সুরেশ্বরী মতালম্বী জেলার পাঁচ হাজার পরিবার প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উৎসব পালন করে আসছে।
মাদারীপুর : সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের চার উপজেলার ৫০ গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন।
বুধবার জেলার চারটি উপজেলার ৫০ গ্রামের ৫০ হাজারের বেশি ধর্মপ্রাণ মুসলমান ঈদুল ফিতর উদযাপন করছেন।
সুরেশ্বর দায়রা শরিফের প্রধান গদিনসীন পীর খাজা শাহ সুফি সৈয়্দ নূরে আক্তার হোসাইন জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৬৯টি দেশে চাঁদ দেখা যাওয়ায় বুধবার ওই সব দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
সুরেশ্বর দায়রা শরিফের প্রতিষ্ঠাতা হজরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর অনুসারীরা ১৪৫ বছর আগে থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।
পিরোজপুর : পিরোজপুরের আট গ্রামের ছয় শতাধিক পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার ঈদ উদযাপন করছেন। তারা সৌদি আরবের সঙ্গে একই দিন রোজাও শুরু করেন।
বুধবার সকাল ১০টায় সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের ফরহাদ মেম্বরের বাড়ি ও ভাইজোড়া গ্রামের খোন্দকার বাড়িতে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়।
তারা শরীয়তপুরের নাড়িয়া উপজেলার সুরেশ্বর পীরের অনুসারী। সাপলেজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজ মিয়া সাপলেজা ইউনিয়নের ছয় গ্রামে ঈদ উদযাপনের কথা জানান।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed