Main Menu

ঝালকাঠিতে মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে মহসিন হাওলাদার (৩০) নামের মসজিদের এক মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১ জুলাই) সকালে বাড়ির পাশে একটি ঝোপের মধ্য থেকে মহসিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মহসিন দড়িয়াপুর গ্রামের মোশারফ হাওলাদারের ছেলে। বাড়ির কাছে একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ভাড়ায় মোটরসাইকেলও চালাতেন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম জানান, প্রতিদিনের মতো মহসিন বৃহস্পতিবার রাতে স্থানীয় আলমগীর মাস্টারের বাড়িতে তার মোটরসাইকেল রেখে নিজ বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন। অনেক রাত হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে রক্তের দাগ এবং কিছু টেনে নিয়ে যাওয়ার চিহ্ন দেখে খুঁজতে থাকেন। পরে বাড়ির পাশের একটি ঝোপের মধ্যে মহসিনের লাশ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি মাহে আলম জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের সাতটি আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের স্ত্রী লিজা বেগম জানান, তার স্বামীকে হত্যার ঘটনায় ঝালকাঠি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

Share





Related News

Comments are Closed