Main Menu

ঝিনাইদহে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার

ঝিনাইদ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোল্লাকোয়া গ্রামে মুখ বাধা অবস্থায় নিখোঁজের পাঁচ দিন পর খোকন দাস (২৮) নামে ব্যাটারি চালিত অটোরিকশা (ইজিবাইক) চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাখালগাছী মোল্লাকোয়া গ্রামের মাঠের আখক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত খোকন একই উপজেলার বড়ভাটপাড়া গ্রামের শ্যাম কুমার দাসের ছেলে। ওই ঘটনায় ইজিবাইকের মালিক রহিত দাস গত শুক্রবার কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গত বুধবার বিকেল থেকে খোকন দাস নিজের ইজিবাইকসহ নিখোঁজ ছিলেন। ২২ জুন সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি খোকন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

রোববার সকালে রাখালগাছী ইউনিয়নের মোল্লাকোয়া গ্রামবাসী আখক্ষেতে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার মুখে গেঞ্জি পেঁচানো ছিল। ইজিবাইকটি ছিনতাই করার সময় তাকে শ্বাসরোধ করে হত্যার পর আখক্ষেতে ফেলে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ৩/৪ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। যার কারণে লাশটি পচে গলে গেছে। প্রতিবেশি সুদেব কুমার লাশটি চার দিন ধরে নিখোঁজ থাকা খোকন দাসের বলে সনাক্ত করেন।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, ইজিবাইক ছিনতাই করতেই দুর্বৃত্তরা খোকন দাসকে শ্বাস রোধ করে হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed