Main Menu

সিলেটে হরতালে চলছে যানবাহন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে দলটির ডাকা হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে চলছে।
বৃহস্পতিবার (১২ মে) হরতাল চলাকালে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হরতাল আহ্বান করলেও মাঠে দেখা মেলেনি জামায়াত-শিবির নেতাকর্মীদের।
হরতালের শুরু থেকেই নগরীর বিভিন্ন সড়কে হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। খোলা ছিল দোকানপাটও। নগরজুড়ে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। এমনকি উপজেলা সদরগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
সরেজমিন দেখা যায়, হরতালের শুরু থেকে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। নগরীর মোড়ে মোড়ে রয়েছে পুলিশের নিরাপত্তা। সেই সঙ্গে র্যাব-পুলিশের টহল দলও নগরীর অলিগলিতে অভিযান অব্যাহত রেখেছে।
তবে হরতালে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকলেও সিলেট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান স্টেশন মাস্টার মুহিবুর রহমান।
হরতালে বিশৃঙ্খলা ঠেকাতে মহানগরীতে দেড় সহস্রাধিক পুলিশ মোতায়েনের কথা জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।
তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশকে সতর্ক রাখা হয়েছে। হরতালে পিকেটিং এমনকি মিছিল বের করলেও অ্যাকশনে যাবে পুলিশ। তবে বিকেল ৫টা পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর নেই বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed