Main Menu

সিলেটে সোনার চালান আটক : ৩টি বার গায়েব!

বিশেষ প্রতিনিধি : সিলেট মহানগরীর আম্বরখানা ফাড়ি পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে স্বর্নের চালানসহ এক চোরাচালানীকে আটক করেছে। কিন্তু উদ্ধারকৃত সোনার পরিমাণ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। পুলিশ দাবি করছে ৫টি সোনার বার আটক করা হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন উদ্ধার হওয়া সোনা ছিল ৮টি বার এবং প্রতিটি বার ১০ ভরি ওজনের। যার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রহমত উল­াহ সোনার চালান আটকের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান আটক ব্যক্তিকে সোমবার আদালতে তোলা হয়েছে। সোনার বার ৫টি ছিল বলেও জানান তিনি।
জানতে চাইলে আম্বরখানা পুলিশ ফাড়ির ইনচার্জ ইয়াছিন আহমদ বলেন, এএসআই ফরহাদ অভিযান চালিয়ে রোববার রাত নয়টার দিকে নগরীর শাহী ঈদগাহ থেকে সোনাসহ এক ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তির নাম নাজমুল ইসলাম। তিনি গোয়াইনঘাট উপজেলার বাবুল মিয়ার ছেলে বলে জানান তিনি। আটক নাজমুল একেক সময় একেক তথ্য দিচ্ছেন বলে জানান তিনি।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি গৌছুল হোসেন সোনার ৮টি বার উদ্ধারের কথা অস্বীকার করে বলেন, এটি গুজব। সবার সামনে বাক্স খোলা হয়েছে। আটক নাজমুল সোনাগুলো জিন্দাবাজার কারো কাছ থেকে নিয়ে আসছিলেন। সোনাগুলো ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান তিনি। প্রয়োজনে তিনি আটক নাজমুলের সাথে কথা বলতে বলেন। তবে সবার সামনে বলতে ওরা কারা পুলিশের নিজের লোক, সোর্স না সাধারন পাবলিক সে ব্যাপারে কিছু জানাননি ওসি গৌছুল।

Share





Related News

Comments are Closed