Main Menu

ঝিনাইদহে দুই গৃহবধূর লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে শৈলকুপায় ও মহেশপুরে পৃথক ঘটনায় জান্নাতুল ফেরদৌস (২৩) ও ফারজানা আক্তার ববি (২২) নামে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
জান্নাতুল ফেরদৌস মহেশপুর উপজেলার বালিনগর গ্রামের মিলন হোসেনের স্ত্রী ও ববি শৈলকূপা শহরের হলপাড়ার মোজাম্মেল হকের স্ত্রী।
শৈলকূপা থানার ওসি মহিবুল ইসলাম জানান, সোমবার ভোরের দিকে স্বামীর বাড়িতে ববির ঝুলন্ত লাশ পাওয়া যায়। ববির পিতা শৈলকূপার হাবিবপুর গ্রামের মতিয়ার রহমান তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করলে লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকাল ৯টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ববির বাবা মতিয়ার রহমান জানান, তার জামাই সিঙ্গাপুরে থাকেন। বাড়ি এসে মামাতো বোনকে বিয়ে করেন। রোববার রাতে দ্বিতীয় স্ত্রীর স্বজনরা ববিকে নির্যাতন করে বালিশ চাপা দিয়ে হত্যার পর লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ করেছেন তিনি।
অপরদিকে মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, উপজেলার পাকরাইল গ্রামে রোববার মধ্যরাতে জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। একই উপজেলার বালিনগর গ্রামে মিলন হোসেনের সাথে জান্নাতুলের বিয়ে হয়। কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক দুইটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Share





Related News

Comments are Closed