Main Menu

শাবিপ্রবি ও সিকৃবিতে শিক্ষকদের কর্মবিরতি পালন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার বিচার দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষকরা কর্মবিরতি পালন করেন।
সারাদেশের ন্যায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও কর্মবিরিত পালন করেন শিক্ষকরা। জানা যায়, এসময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ক্লাস বন্ধ থাকে। তবে পূর্ব নির্ধারিত পরীক্ষা চলেছে।
শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ সামসুল আলম জানান, সারাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ কর্মসূচীর সাথে একাত্মতা পোষণ করে সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতির পাশাপাশি কালো ব্যাজ ধারণ করেন শাবির শিক্ষকরা।
পরে দুপুর ১২টা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সমনে ১ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এদিকে বিভাগগুলোতে কোন ক্লাস না হলেও পূর্বনির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচি শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহিবুল আলমের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি ড. সৈয়দ সামসুল আলম বলেন, প্রতিনিয়ত এসব ঘটনার মধ্যদিয়ে মানুষের মত প্রকাশের স্বাধীনতা অধিকার হরণ করা হচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় মানুষ জ্ঞান আহরণ করতেই ভয় পাবে। বিচারহীনতার সংস্কৃতি জঙ্গীগোষ্ঠীকে উস্কে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
খুনিদের ধরতে সরকার আন্তরিক নয় মন্তব্য করে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, এভাবে একটি দেশ চলতে পারেনা। আগে তো বিভিন্ন সময়ে ব্লগার, লেখক ইত্যাদি বলে মানুষ খুন করা হতো; এখন একজন শিক্ষককে হত্যা করা হলো। এটা জাতির জন্য কলঙ্কের বিষয়।
গত ২৩ এপ্রিল সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারাণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী।

Share





Related News

Comments are Closed