সিলেটে সোনালী ব্যাংক থেকে আইনজীবীর সাড়ে ৩৪ লাখ টাকা উধাও
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আইনজীবী ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংকের সঞ্চয়ী হিসাব থেকে ৩৪ লাখ ৫৯ হাজার ৭৪০ টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। গত ২ থেকে ৮ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় অনলাইন ই-ওয়ালেট (NPSB) মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে এসব টাকা স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনায় গত ৯ নভেম্বর সোনালী ব্যাংক পিএলসি’র কোর্ট বিল্ডিং শাখা, সিলেটের এজিএম বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ড. দিলীপ কুমার দাস চৌধুরী। অভিযোগের অনুলিপি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, জেনারেল ম্যানেজার এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে। একই দিন সিলেট কোতোয়ালি মডেল থানায়ও লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগপত্রে ড. দিলীপ কুমার দাস চৌধুরী উল্লেখ করেন, গত ৯ নভেম্বর তাঁর মুহুরি (আইনজীবীর সহকারী) চেকের মাধ্যমে ২০ হাজার টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তারা হিসাবটিতে পর্যাপ্ত ব্যালেন্স নেই বলে জানান। পরে তিনি নিজে ব্যাংক শাখায় গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, গত ২ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় তাঁর হিসাব থেকে মোট ৩৪ লাখ ৫৯ হাজার ৭৪০ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ তাঁর সঞ্চয়ী হিসাব নম্বর ৫৬০৮০০২০২৮০৪২-এর লেনদেনের একটি বিবরণীও সরবরাহ করেছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
ড. দিলীপ কুমার দাস চৌধুরীর দাবি, তিনি কখনো ব্যাংক লেনদেনের জন্য কোনো অনলাইন অ্যাপ, ডিজিটাল কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, ই-ওয়ালেট কিংবা কোনো সফটওয়্যার ব্যবহার করেননি। শুরু থেকে এখন পর্যন্ত তিনি শুধু চেকের মাধ্যমে ব্যাংকিং লেনদেন করে আসছেন। তাঁর দাবি, হিসাব থেকে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে আগে কোনো মৌখিক, লিখিত কিংবা ফোনের মাধ্যমে অবহিত করেনি। এমনকি এ ধরনের কোনো লেনদেনের বিষয়ে তিনি কোনো এসএমএসও পাননি।
অভিযোগপত্রে তিনি আরও বলেন, তাঁর দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয়ের অর্থ এভাবে স্থানান্তরিত হওয়ার ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং উদ্বিগ্ন হয়ে পড়েছেন। একজন গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই তাঁর হিসাব থেকে স্থানান্তরিত পুরো অর্থ দ্রুত ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় অপূরণীয় আর্থিক ও মানসিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন এই আইনজীবী।
এ বিষয়ে সোনালী ব্যাংক পিএলসি’র কোর্ট বিল্ডিং শাখা, সিলেটের ব্যবস্থাপক মো. ওয়াসিরুল ইসলাম বলেন, ঘটনাটি নিয়ে সোনালী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয় ও কোর্ট বিল্ডিং শাখা যৌথভাবে জোরালো তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। যথাযথ তদন্তের আগে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।
তবে কীভাবে এই অর্থ স্থানান্তরিত হয়েছে, কারা এর সঙ্গে জড়িত এবং অর্থ উদ্ধারে ব্যাংক কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিচ্ছে, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Related News
সিলেটে সোনালী ব্যাংক থেকে আইনজীবীর সাড়ে ৩৪ লাখ টাকা উধাও
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আইনজীবী ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরীরRead More
সিলেট জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করাRead More



Comments are Closed