Main Menu

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় শাবি শিক্ষার্থীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদমান রহমান নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বিশ্ববিদ্যালয়সংলগ্ন তপোবন আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি রাজবাড়ীর মধ্য ভবানীপুর এলাকায়। তিনি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে মোটরসাইকেলে করে মদিনা মার্কেটের দিকে যাচ্ছিলেন সাদমান। পথে একটি গতিরোধকের কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা সাদমানের সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের খবর দেন। পরে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুজাহিদুল ইসলাম বলেন, গতিরোধকের কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়ক বিভাজকে ধাক্কা খায়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করার পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, সাদমানের মৃত্যুতে শাবিপ্রবি পরিবার শোকাহত। তাঁর অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী মরদেহবাহী গাড়ির সঙ্গে রওনা হয়েছেন।

Share





Related News

Comments are Closed