Main Menu

গোলাপগঞ্জে পৃথক অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ চার যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার পৃথক পৃথক এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বাসিন্দা শৈলেন্দ্র কুমার দাশের ছেলে সুমন কান্তি দাশ (৩০), নবীগঞ্জ থানার পুটারমাটি গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে আব্দুল বাছিত (৩০), চাঁদপুর জেলার চাঁদপুর থানার হাইমচর এলাকার মনির মিয়ার ছেলে মো. রামিম আহমদ (২৫) এবং সিলেটের বিয়ানীবাজার থানার খরগ্রাম নয়াপাড়া এলাকার মৃত ছানু মিয়ার ছেলে মো. জুবের আহমদ (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) শাহ আলম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবেদ আলীর নির্দেশে এসআই উসমান গণি সঙ্গীয় ফোর্সসহ গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সুমন কান্তি দাশ (৩০) ও আব্দুল বাছিত (৩০) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপর দুই আসামী শনিবার (২৯ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের সময় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর মীরগঞ্জ বাজারসংলগ্ন আলহেরা একাডেমির সামনে এসআই মো. রোজেল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও উপস্থিত জনসাধারণের সহায়তায় মাদকদ্রব্য গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

পরে রোববার (৩০ আগস্ট) আটক দুজনকে মোবাইল কোর্টে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনি প্রক্রিয়া শেষে আসামিদের যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

Share





Related News

Comments are Closed