Main Menu

সিলেট সীমান্তে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭৮ লাখ ২৬ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার চারিকাটা এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও চশমা জব্দ করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২ হাজার ৮০৯ পিস নিভিয়া সফট ক্রিম, ৬ হাজার ৩৬১ পিস পন্ডস ফেসওয়াশ এবং ১ হাজার ৭২৪ পিস চশমা। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৫৭ লাখ ৬৮ হাজার ৬৫০ টাকা।

অন্যদিকে, ২৯ ও ৩০ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট ও সোনারখেওর বিওপির পৃথক তিনটি আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৩ কেজি ভারতীয় চা-পাতা, ২০ কেজি ভারতীয় সুপারি এবং ২৩৮ পিস ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ২০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পরিচালিত পৃথক এসব অভিযানে সর্বমোট ৭৮ লাখ ২৬ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed