Main Menu

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটের চিমটিবিল সীমান্ত এলাকায় বিএসএফ-এর গুলিতে সোহাগ মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার চিমটিবিল খাস এলাকার শফিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার (৩০ আগস্ট) দুপুরে চিমটিবিল এলাকায় গরু চড়াতে যান সোহাগ মিয়া। এ সময় গরুটি শূন্যলাইন থেকে ১ কিলোমিটার ভারতীয় অভ্যন্তরে চলে যায়। এতে তিনি গরুটি আনতে গেলে বিএসএফ তাকে গুলি করে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুম মুনিরা তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের চাচা আব্দুল কাদির জানান, প্রতিদিনের ন্যায় সোহাগ সীমান্ত এলাকায় গরু চড়াতে গেলে বিএসএফ অতর্কিতভাবে তার ওপর গুলি চালায়। একপর্যায়ে তাকে খুঁজে না পাওয়া গেলে তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করলে সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখেন। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় সোহাগ মিয়াকে তারা উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল রাজ্জাক রাজু বলেন, ‘বিএসএফ-এর গুলিতে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে এসে দেখলাম গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ পড়ে আছে। তবে বিএসএফ-এর গুলি করা ঠিক হয়নি, যেহেতু তারা সীমান্ত এলাকায় প্রতিদিন গরু চড়ান।’

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিরাজুল মুনিরা বলেন, তার পরিবারের লোকজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। আমরা মৃত অবস্থায় তার মরদেহ পেয়েছি।’

চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সূরত হাল রিপোর্ট তৈরী করেছে’।

হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তানজিলুর রহমান বলেন, ‘সামীন্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। সম্ভবত চোরাচালানের গরু আনতে গিয়ে সে গুলিবিদ্ধ হতে পারে। আমরা এ বিষয়ে আরও খোঁজ খবর নিচ্ছি’।

Share





Related News

Comments are Closed