ভালো ছড়ায় আলো ছড়ায়: শেখায় এবং মনও ভরায়
সাহিত্য ডেস্ক: চৌদ্দটি ছড়া নিয়ে লোকমান হাফিজের গ্রন্থ ‘ভালো ছড়ায় আলো ছড়ায়’। নাম তো সুন্দর। ছড়া কেমন, তাও দেখার দরকার।
প্রথম ছড়া ‘খোকা-খুকির প্রশ্ন’। ছড়াটির প্রতি স্তবকে চার লাইন করে আছে। চার লাইনে কিছু প্রশ্ন তৈরি করেছেন শিশুদের মনে এবং উত্তরও দিয়ে গেছেন। আমরা সবচেয়ে চমৎকার একটি স্তবকই দেখব-
‘ভোরের বেলায় পূব আকাশে আপন মনে জ্বলে কে?
নিত্য তারা এমন করে এসব তাদের বলে কে?
ভোরবেলাতে সূয্যি মামা আপন মনেই জাগে যে
আল্লাহপাকের হুকুম দেয়া সৃষ্টি করার আগে যে।’
শিশুকাল হলো ওড়ার বয়স। ঘোরার বয়স। কিন্তু এখন শিশুদের শৈশব হারিয়ে যাচ্ছে পড়ালেখার চাপে। ফলে তারা বেড়ে উঠছে না স্বাধীনভাবে। হচ্ছে না তাদের মানসিক বিকাশও। বিষয়গুলো বুঝতে পেরে ছড়াকার লিখেছেন ‘খোকন সোনার আর্তনাদ’ ছড়া। ছড়াটিতে তিনি একজন শিশুর না বলা কথা বলে দিয়েছেন-
‘ছুটির পরে কোচিং করে যখন বাসায় আসি
আম্মু বলেন দুষ্টুমি নয়, নয় তো হাসাহাসি।
টিউটর আসার সময় হলো রিভাইজ করো পড়া
পড়তে বসে করবে না তো একটু নড়াচড়া।
শেষ স্তবকে মায়ামাখা গলায় মাকে শিশুটি বলছে-
‘স্বাধীনতা চাইগো আমি দুঃখ অনেক বুকে
মায়ের কথা না শুনে যে ক্যামনে দাঁড়াই রুখে
এত্তো বইয়ের বোঝা আমি সইতে কি আর পারি
দয়া করে মুক্ত আমায় করো তাড়াতাড়ি।’
একটি ছড়া যেমন ঘুম পাড়াতে পারে, তেমনি তাড়াতেও পারে। ছড়া করতে পারে যুদ্ধ, যদি ছড়াটি হয় শুদ্ধ। এককথায় একটি ভালো ছড়া সমাজ পরিবর্তনে অবদান রাখতে পারে। ‘ভালো ছড়ায় আলো ছড়ায়’ ছড়াতে ছড়াকার ছোট্ট করে ছড়া কী করতে পারে- বলেছেন। অন্ত্যমিলও দিয়েছেন জব্বর! ছড়াটি পড়ে নিই-
‘ভালো ছড়ায়
এই ধরাতে
আলো ছড়ায়
ভালো ছড়ায়
মন থেকে সব
কালো ছড়ায়
ভালো ছড়ায়
অন্ধকারে
আলো ছড়ায়।
‘ভালো ছড়ায় আলো ছড়ায়’ বইটি ভালো। প্রচ্ছদ ঝমকালো। পড়ে মন চমকালো। আশা করি পাঠকদের মধ্যে ছড়াবে আলো।
আলোচক: ছড়াকার জহুর মুনিম
Related News
সন্তানের মুখে মায়ের গল্প
মুহাম্মাদ শরীফুজ্জামান: ‘মা’ একটি ছোট্ট শব্দ। অথচ এই শব্দটির ভেতরেই যেন লুকিয়ে আছে এক বিশালRead More
জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা সম্পন্ন
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারে টেমস-সুরমা পারের গণমাধ্যম ব্যক্তিত্বRead More



Comments are Closed