Main Menu

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের নারী সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আব্দুল্লাহ (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫ জন।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার খোজারগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আব্দুল হকের বোন রেজিয়া খাতুনের বিয়ে হয় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর এলাকায়। বিয়ের কিছুদিন পর তিনি স্বামী-সন্তান নিয়ে বাবার দেয়া জায়গায় ঘর নির্মাণ করে খোজারগাঁও গ্রামে বসবাস শুরু করেন।

সম্প্রতি রেজিয়া খাতুনের মেয়ে সুহেনা আক্তার অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে রেজিয়া খাতুন, তার ভাই আব্দুল হক ও আব্দুল মালেকের ওপর তাদের নিজ গোষ্ঠীর লোকজন বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেন। এর জের ধরে শনিবার বিকেল ৪টার দিকে আব্দুল হক ও তার ভাগ্নে মোস্তাকিমের সঙ্গে আব্দুল্লাহ এবং তার সমর্থকদের বাকবিতণ্ডা হয়। স্থানীয় লোকজন তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও মাগরিবের নামাজের সময় উভয় পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আব্দুল্লাহ গুরুতর আহত হন। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া সংঘর্ষে আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, এর আগেও একই পরিবারের আরেকটি নারী-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত ২৮ মে আব্দুল হকের ভাতিজা বাচ্চু মিয়ার স্ত্রী চাচাতো দেবর মালেক মিয়ার ছেলে ফয়ছলের সঙ্গে চলে যাওয়ার ঘটনায় সামাজিকভাবে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলমান এসব বিরোধ নিষ্পত্তির পরিবর্তে কিছু প্রভাবশালী স্থানীয় মাতব্বর ব্যক্তিস্বার্থে বিষয়টি ঝুলিয়ে রাখেন। তাদের দাবি, টাকার বিনিময়ে বিরোধ মীমাংসা না করে উভয় পক্ষকে উসকে দেয়ার কারণেই পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয় এবং শেষ পর্যন্ত প্রাণহানির ঘটনা ঘটে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed