Main Menu

নাসার বাংলাদেশি বিজ্ঞানীর মৃত্যু

প্রবাস ডেস্ক: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।

তিনি বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় আমেরিকায় মারা যান।

ড. এম রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ড. এম রেজাউল হক আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। পরবর্তীতে নাসার বিজ্ঞানী হিসেবে যোগ দিয়েছিলেন। কয়েক বছর আগে তিনি নাসা থেকে অবসর নিয়ে আমেরিকাতেই বসবাস করছিলেন।

রেজাউল হকের বাবার নাম মৃত ফহিম উদ্দিন বিশ্বাস, মা মৃত আনোয়ারা খাতুন। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক তার বড় ভাই। আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক পুলিশের মহাপরিদর্শক (আইজি) ছিলেন। ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন এখন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। তিনি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আমেরিকাতেই রেজাউল হকের দাফন সম্পন্ন হবে। সেখানে আত্মীয়-স্বজনরা রেজাউল হকের বাসায় আছেন। শুক্রবার জুমার নামাজের পর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

 

Share





Related News

Comments are Closed