সাংবাদিক হাসান শাহরিয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার-এর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (১০ এপ্রিল)। ২০২১ সালের এই দিনে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা যান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ বাড়ি সুনামগঞ্জ, ঢাকার সেগুনবাগিচার বাসভবন এবং সিলেটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সাংবাদিকতায় দীর্ঘ কর্মজীবনে হাসান শাহরিয়ার আন্তর্জাতিক সাময়িকী নিউজউইক, পাকিস্তানের ডন, মধ্যপ্রাচ্যের খালিজ টাইমসসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রামের ডেইলি পিপলস ভিউ-এর প্রধান সম্পাদক এবং ভারতের ডেকান হেরাল্ড-এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক বিষয়, বিশেষ করে ভারত-পাকিস্তান প্রসঙ্গে তিনি একজন বিশ্লেষক হিসেবে দেশে-বিদেশে সমাদৃত ছিলেন।
সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি তাঁকে ফেলোশিপ প্রদান করে। এছাড়া বাংলাদেশ প্রেস কাউন্সিল তাঁকে মরণোত্তর সম্মাননা দেয়। তাঁর রচিত বইয়ের মধ্যে রয়েছে অতীত অতীত নয়, যার শেষ ভালো তার সব ভালো, যারে দেখতে নারি তার চলন বাঁকা এবং নিউজউইকে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বিজয় এবং অতঃপর।
১৯৪৬ সালের ২৫ এপ্রিল সুনামগঞ্জের হাছননগরে জন্মগ্রহণ করেন হাসান শাহরিয়ার। তাঁর পারিবারিক নিবাস তাহিরপুর উপজেলার লাউড় পরগনার বিন্নাকুলি গ্রামে। পিতা মকবুল হোসেন চৌধুরী ছিলেন তৎকালীন আসামের প্রথম মুসলিম সম্পাদক ও ভাষাসৈনিক।
ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা ও সাহিত্যচর্চায় যুক্ত হন তিনি। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, সুনামগঞ্জ কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
সহকর্মীরা জানান, নীতির প্রশ্নে আপসহীন এই সাংবাদিক প্রতিকূলতার মধ্যেও সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তাঁর মৃত্যু দেশের সাংবাদিকতায় এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।
Related News
সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরেরRead More
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More



Comments are Closed