Main Menu

শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সাথে জাপান দূতাবাসের ডেপুটি চীফ অফ মিশনের সৌজন্য সাক্ষাৎ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ডেপুটি চীফ অফ মিশন তাকাহাসি নাওকি।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাক্ষাৎকালে ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় ধারাবাহিক উন্নতির বিষয় তুলে ধরেন। তিনি বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ে যেতে উৎসাহিত করি, বিশেষ করে আপনাদের দেশেও। তারা উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে দেশের জন্য কাজ করবে। আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী এবং পাঠ্যক্রম সময়োপযোগী। শিক্ষার্থীদের কল্যাণে আমরা শিক্ষা কার্যক্রম বিনিময় করতে পারি। আমরা জাপানের সমৃদ্ধ সংস্কৃতি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রকাশ করছি। জাপানের মানুষ তাদের সততা, ভদ্রতা ও দায়িত্ববোধের জন্য বিশ্বব্যাপী সম্মানিত।

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, আমরা প্রত্যাশা করি আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য জাপান সরকার শিক্ষাবৃত্তির সংখ্যা আরও বৃদ্ধি করবে। এতে মেধাবী শিক্ষার্থীরা উন্নত শিক্ষা ও গবেষণার সুযোগ পাবে এবং দুই দেশের মধ্যে জ্ঞান-বিনিময় ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ডেপুটি চীফ অফ মিশন তাকাহাসি নাওকি বলেন, এটি একটি অনন্য বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এর অবস্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বের ওপর জোর দিতে চাই। সিলেট একটি শান্ত ও মনোরম শহর। এখানে আসতে পেরে আমরা কৃতজ্ঞ। আমাদের সহযোগিতামূলক কাজকে আরও সমৃদ্ধ করে যাব।

জাপান দূতাবাসের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন অর্থনৈতিক বিষয় ও উন্নয়ন সহযোগি বিভাগের অর্থনৈতিক গবেষক/পরামর্শদাতা হিসাতোমি কোহেই।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণিত বিভাগের প্রধান অধ্যাপক মো. আশরাফ উদ্দিন, রিসার্চ সেন্টারের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. শামছুন নাহার বেগম, অধ্যাপক ড. আবদুল হান্নান, অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আতাউর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী প্রমুখ।

Share





Related News

Comments are Closed