হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে সৌদি আরব হজ ভিসা ইস্যু শুরু করবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, হজ কার্যালয়গুলোর জন্য তৈরি করা বিস্তারিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর আগে সেবার মান নিশ্চিত করা ও প্রস্তুতি কার্যক্রম গুছিয়ে নেওয়াই মূল লক্ষ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের হজের প্রস্তুতি শুরু হয়েছে ২০২৫ সালের ৮ জুন থেকে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী এই তারিখ ১৪৪৬ হিজরি সালের ১২ জিলহজের সঙ্গে মিলে যায়। ওই সময় বিশ্বজুড়ে হজ কার্যক্রম তদারককারী দপ্তরগুলোকে প্রাথমিক পরিকল্পনার নথি পাঠানো হয়।
পবিত্র সফর মাসের শুরুতে ‘নুসুক মাসার’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে হজ কার্যালয়গুলোকে পবিত্র স্থানগুলোর তাঁবু ও আবাসন সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন ও অন্যান্য সেবাসংক্রান্ত চুক্তি শুরু হয় ১৪৪৭ হিজরি সালের ১ রবিউল আউয়াল (২০২৫ সালের আগস্টের শেষ দিকে)।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য একটি হজ প্রদর্শনীর আয়োজনের কথাও জানিয়েছে।
৮ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ভিসা ইস্যু শুরু হবে এবং মার্চ মাসের মধ্যে ভিসার কাজ শেষ করে হজযাত্রীদের আগমনের প্রস্তুতিমূলক তথ্য জমা দেওয়া হবে। প্রথম হজযাত্রী দল দেশটিতে পৌঁছাবে ১৮ এপ্রিল (১ জিলকদ) থেকে।
মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রায় ৪৮৫টি তাঁবু বরাদ্দ করা হয়েছে এবং ৭৩টি হজ কার্যালয় তাদের প্রাথমিক চুক্তি শেষ করেছে। ইতোমধ্যে প্রায় সাড়ে ৭ লাখ হজযাত্রী নিবন্ধন করেছেন, যাদের মধ্যে ৩০ হাজার জন সরাসরি নিজ দেশ থেকে প্যাকেজ বুক করেছেন।
সৌদি আরব হজযাত্রীদের নিরাপদ ও সম্মানজনক হজ নিশ্চিত করতে হজ কার্যালয় ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সূচি পূর্ণরূপে অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
Related News
ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম
হাফিজ মাছুম আহমদ দুধরচকী: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, ইসলামে সদকা বাRead More
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেRead More



Comments are Closed