Main Menu

শিবির জাতির প্রত্যাশা পূরণ করেছে : হাবিবুর রহমান

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, শিবিরের কাছে জাতির যে প্রত্যাশা, জুলাই যুদ্ধে তা তারা পূরণ করেছে। নেতৃত্বের ক্ষেত্রে ছাত্রশিবির প্রমাণ দিয়েছে এই জাতির ভবিষ্যত ছাত্রশিবির, যা দেশের ৫ টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রমাণিত করেছে ছাত্রশিবির। আগামী নির্বাচনে স্বতস্ফুর্ত অংশগ্রহণ করে এই জাতিকে টিকিয়ে রাখার দায়িত্ব ছাত্রশিবিরকে পালন করতে হবে। এই নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, এসব ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রশিবিরকে ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব ছাত্রশিবিরকে পালন করতে হবে। আমার বিশ্বাস ছাত্রশিবির তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে ১১ দলীয় জোটের প্রার্থীকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।

শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শিবিরের উদ্যোগে সকাল ১১ টায় বন্দরবাজারের রেজিস্ট্রারি মাঠ থেকে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বন্দরবাজার পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সিলেট মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় র্যালি পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে এই ৪৯টি বছর পার করতে গিয়ে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়েছে। আমাদের ২৩৪ জন ভাইকে আমাদের মধ্যে থেকে হারাতে হয়েছে। অসংখ্য ভাইকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। কিন্তু, তবুও আমরা দমে যাইনি। হাঁটি হাঁটি পা পা করে আজ এইপর্যন্ত এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজকে জাতির আকাঙ্ক্ষা, প্রত্যাশায় পরিণত হয়েছে ছাত্রশিবির। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্রসংগঠনে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। অসংখ্যবার ছাত্রশিবিরকে নিঃশেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, অসংখ্যবার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু, ছাত্রশিবির তার স্বকীয়তা বজায় রেখে আজ ২০২৬ সালে পা দিয়েছে। এই বাংলাদেশকে নিয়ে যারা তাঁবেদারি শুরু করেছে, এই বাংলাদেশে যারা আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চান, এই বাংলাদেশে যারা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে চান, তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এই বাংলাদেশে থাকতে আপনাদের স্বপ্ন পূরণ হবে না, ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এই দেশের ছাত্রজনতাকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যেই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করা হয়েছিল, সেই স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার জন্য আবারো ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষেরা চায় একটি সুষ্ঠু নির্বাচন। যেই নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের রায় নিয়ে নির্বাচিত প্রতিনিধি দেশ শাসন করবে। কিন্তু আমরা দেখছি আবারো পাতানো নির্বাচনের চেষ্টা করা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং নির্বাচনের চেষ্টা করা হচ্ছে। আমরা এখান থেকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আর কোনো ইঞ্জিনিয়ারিং নির্বাচন মানবে না। ছাত্রজনতাকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। র‌্যালীতে সিলেট মহানগর ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

Share





Related News

Comments are Closed