পাকিস্তানে জুমার নামাজে সময় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩১
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি ইমামবাড়ায় জুমার নামাজের সময় শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তারালাই এলাকায় এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম। বিস্ফোরণে আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির স্বাস্থ্য বিভাগ। খবর দ্য ডনের।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পরপরই তড়িঘড়ি করে উদ্ধার অভিযান শুরু হয়েছে। পুলিশ এবং উদ্ধারকারী দলের এক হাজারেরও বেশি সদস্য বর্তমানে ঘটনাস্থলে কাজ করছেন। ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তকি জাওয়াদ গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের সঠিক ধরন এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মঘাতী হামলা নাকি আগে থেকে পুঁতে রাখা কোনো বিস্ফোরক ছিল তা ফরেনসিক পরীক্ষার পর জানা যাবে।
ভয়াবহ এই হামলার পর ইসলামাবাদের প্রধান হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস), পলিক্লিনিক এবং সিডিএ হাসপাতালকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পিআইএমএস হাসপাতালের নির্বাহী পরিচালক জানিয়েছেন, প্রধান জরুরি বিভাগসহ অর্থোপেডিক ও বার্ন সেন্টারগুলোকে আহতদের সেবায় প্রস্তুত রাখা হয়েছে। অনেক আহতকে ইতিমধ্যে এসব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর ইসলামাবাদের একটি আদালত ভবনের বাইরে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। সেই ট্র্যাজেডির মাত্র তিন মাস পার হতে না হতেই রাজধানীতে আবারও এমন ভয়াবহ বিস্ফোরণ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
Related News
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More
সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ভয়াবহ এক হামলাRead More



Comments are Closed