Main Menu

হবিগঞ্জে ৯ মাডার মামলার আসামি যুবলীগ সহ-সভাপতি গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গুলির ঘটনায় নিহত ও আহতদের মামলার পলাতক আসামি যুবলীগ সহ-সভাপতি জহির মিয়া (৪৮) কে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মহল্লার কিশোর সংঘের পাশে অবস্থিত জহির মিয়ার বাড়ি ঘিরে অভিযান পরিচালনা করে। পরে তাকে তার নিজ ঘর থেকে গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ সাংবাদিকদের জানান, জহির মিয়া ৯টি হত্যা (মার্ডার) মামলার পলাতক আসামি ছিলেন। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্ট ২০২৪ইং সংঘর্ষে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ ১০ জন নিহত ও শতাধিক আহত হয়েছিলেন। নিহত এক শিশুর পিতা ৯টি হত্যার মামলায় মোট ৩৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, এ ঘটনার সাথে বিএনপি-সমর্থিত ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীরও নাম রয়েছে।

পলাতক থাকার সময় আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষস্থানীয় নেতারা দেশ ও দেশের বাইরে আত্মগোপনে ছিলেন। জহির মিয়ার গ্রেফতারের মাধ্যমে মামলার পলাতক আসামিদের খুঁজে বের করার প্রচেষ্টা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed