Main Menu

হাইকোর্টের রায় শাকসুর বিপক্ষে গেলে কমপ্লিট শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে হাইকোর্টের রায় শাকসু নির্বাচনের পক্ষে না আসলে ক্যাম্পাস ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শাকসু নির্বাচনের প্রার্থীরা।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারী দেন তারা।

সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, ‘২০ জানুয়ারি আমাদের ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু একটি দলের প্ররোচনায় দুইজন প্রার্থী ভোটের মাত্র দুই দিন আগে হাইকোর্টে রিট করেছেন। এর ফলে প্রায় নয় হাজার শিক্ষার্থীর গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে দাবি জানাচ্ছি, হাইকোর্ট যেন অনতিবিলম্বে শিক্ষার্থীদের পক্ষে রায় দেন। অন্যথায় শাবিপ্রবি ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে।’

শিবির সমর্থিত জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের ভাই-বোনেরা দিনরাত কষ্ট করে প্রচারণা চালিয়েছে। কেউ টিউশনি করে জমানো টাকা খরচ করেছে, কেউ ঋণ করে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। কিন্তু ভোটের দুই দিন আগে রিট করে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এটির জবাব শিক্ষার্থীরাই দেবে।’

স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২১ দিনের মধ্যে অন্য নির্বাচন আয়োজনের বিষয়ে যে বিধান রয়েছে, শাকসু নির্বাচনের ক্ষেত্রে আমরা চাই হাইকোর্ট যেন সেটিকে বাধ্যবাধকতার আওতার বাইরে রাখেন। কারণ আমাদের নির্বাচনের তফশিল অনেক আগেই ঘোষণা করা হয়েছিল। আমরা যেকোনো মূল্যে শাকসু নির্বাচন চাই। কোনো ধরনের চাপ কিংবা পেশিশক্তি আমরা মেনে নেব না।’
এদিকে, শাকসু নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের শিক্ষার্থীরা আজ বুধবার (২১ জানুয়ারি) থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চার সপ্তাহের জন্য শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করে রায় দেয় হাইকোর্ট। এতে নির্ধারিত দিনে নির্বাচন আয়োজনের দাবিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। পরে প্রশাসনিক ভবনে তালা দিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর বিকাল ৫টা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে আবারও রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মঙ্গলবারও দিনভর বিক্ষোভ করে শিক্ষার্থিরা।

নির্বাচনী তফসিল অনুযায়ী মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হাইকোর্টের রায় আসার পর তা চার সপ্তাহের জন্য স্থগিত হয়ে যায়।

Share





Related News

Comments are Closed