Main Menu

তারেক রহমান সিলেট আসছেন আজ

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আগামিকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করছে বিএনপি। এ লক্ষ্যে আজ বুধবার সিলেট আসছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে সমাবেশ করবেন বিভাগের তিন জেলায়।

দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে পুরো বিভাগ উৎসবমুখর। থানা, জেলা ও বিভাগীয় সদরে ঘণ্টায় ঘণ্টায় বের হচ্ছে প্রচার মিছিল। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়াও জোটভুক্ত দলগুলো প্রচার মিছিল করছে। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রহণ করেছে সর্বোচ্চ সতর্কতা। নেওয়া হয়েছে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

দলীয় সূত্র, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সিলেটের সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলেও জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তারেক রহমান আজ বুধবার রাতে আকাশপথে সিলেটে পৌঁছাবেন। তার সঙ্গে আসবেন কেন্দ্রীয় শীর্ষস্থানীয় কয়েকজন নেতাও। বৃহস্পতিবার সকাল ১০টায় জনসভা করবেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। এই জনসভার মধ্য দিয়েই শুরু হবে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা।

এর আগে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

Manual3 Ad Code

দলীয় নির্ভরযোগ্য আরেকটি সূত্রমতে, তারেক রহমান সিলেট পৌঁছে রাতেই মাজার জিয়ারত করতে পারেন। যেতে পারেন নগরীর দক্ষিণ সুরমাস্থ শ্বশুর বাড়িতেও। আজ রাতেই সিলেট পৌঁছে যাবে বুলেট প্রুফ বিশেষ গাড়ি, যে গাড়িতে করে সড়কপথে বিভিন্ন স্থানে সমাবেশ করে ঢাকায় ফিরবেন তারেক রহমান।

Manual2 Ad Code

সিলেটের জনসভা শেষ করে মৌলভীবাজারের শেরপুরে এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন তিনি। এসব সমাবেশে সিলেট বিভাগের বিএনপি মনোনীত ও বিএনপির জোটভুক্ত প্রার্থীদের মঞ্চে তুলে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

এদিকে দলের চেয়ারম্যানের সফর সামনে রেখে মঙ্গলবার বিকালে সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কাহের শামীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির ও তাহসিনা রুশদী লুনা।

মতবিনিময় সভায় জানানো হয়, সুনামগঞ্জে সমাবেশ করতে না পারায় সুনামগঞ্জের দলীয় প্রার্থীদের সিলেটের মঞ্চে তোলা হবে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রেখে এবারও সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করছেন তারেক রহমান। নির্বাচনি আচরণবিধি মেনে মাদ্রাসা মাঠে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনায় কয়েকটি উপকমিটি কাজ করছে এবং সিলেটজুড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code

লোদী বলেন, সিলেটে পৌঁছে তারেক রহমান বিমানবন্দর এলাকারই একটি হোটেলে উঠবেন। সেখান থেকে রাতেই তার শ্বশুড়বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার সিলামে যেতে পারেন।

কয়েস লোদী আরও জানান, বৃহস্পতিবার আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা শুরু হবে সকাল ঠিক ১০টায়।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানান, আজ রাত ৮টার দিকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতেই শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচার শুরু করবেন তিনি।

Manual3 Ad Code

মাহদী আমিন বলেন, বৃহস্পতিবার থেকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করবেন তারেক রহমান। এতে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন মনোনয়ন বঞ্চিত সাবেক ছাত্র ও যুবদল নেতারা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মহানগর পুলিশ ছয় স্তরের নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে। এসএমপির এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এটি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হওয়ায় নিরাপত্তা দেওয়া পুলিশের দায়িত্ব। বিএনপি চেয়ারম্যান যেসব ভেন্যুতে যাবেন ও যেসব পথে চলাচল করবেন সেখানে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা নজরদারি, রুট প্রটেকশন, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পিকেট ডিউটি থাকবে। নগরের প্রবেশপথে চেকপোস্ট, মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি, সিসিটিভি নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন করা হয়েছে। পুলিশ ছাড়াও র‌্যাব ও বিজিবি সদস্যরা মাঠে থাকবেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code