Main Menu

যশোরে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা, পিটুনিতে খুনি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে জমিসংক্রান্ত বিরোধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫) যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে। অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫) একই গ্রামের হজরত আলীর ছেলে। এদের মধ্যে পলাশ সংঘবদ্ধ মারপিটে এবং রফিকুল ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।

মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে চৌগাছা উপজেলার সলুয়া কলেজের সামনে এই ঘটনা ঘটে।

এই তথ্য নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ও পলাশের মধ্যে জমিজমা নিয়ে গত দুই বছর ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে চৌগাছার সলুয়া কলেজের সামনে রফিকুল ইসলামকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন পলাশ। রফিকুলের ওপর হামলার ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে হামলাকারী পলাশকে ঘিরে ফেলে। এসময় বিক্ষুব্ধ জনতার বেধড়ক পিটুনিতে পলাশ গুরুতর আহত হন।

খবর পেয়ে কোতোয়ালি থানার মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনেন। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পলাশকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রফিকুলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Share





Related News

Comments are Closed