যশোরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩, প্রাইভেট কার জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
জব্দ করা স্বর্ণ ও অন্যান্য মালামালের মোট মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহলদল যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ১ নম্বর গেটের সামনে এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) ও সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি প্রাইভেট কারসহ তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন তাঁরা।
উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ ছাড়া ২৩ গ্রাম রুপা, একটি প্রাইভেট কার, চারটি মোবাইল ফোন, দুটি হাতঘড়ি ও নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ তিনজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় স্বর্ণ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
যশোরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩, প্রাইভেট কার জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ তিনজনকেRead More
নড়াইলে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে একRead More



Comments are Closed