Main Menu

মালয়েশিয়ায় লরি দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত, গুরুতর আহত ১

প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার পেহাংয়ের রোমপিনে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

এনএসটি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৭ জানুয়ারি) স্হানীয় সময় দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে রোমপিনের কামপুং পেরভিরা জয়ার কাছে জালান ফেলদা সেলানচার-ফেলদা রেডং সড়কে এক টন ধারণক্ষমতার একটি লরি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. কাদের (৩৪) ও মো. দালিম (৩০)। তারা দুজনই তেলপাম বাগানের শ্রমিক ছিলেন। একই লরিতে থাকা ৪৫ বছর বয়সী চালক, যিনিও বাংলাদেশি, অক্ষত রয়েছেন। তবে লরির পেছনে থাকা আরেক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হন।

রোমপিন জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট শরিফ শাই শরিফ মন্দোই জানান, চারজন বিদেশি শ্রমিক দাইহাতসু ব্র্যান্ডের একটি লরিতে করে ফেলদা রেডং থেকে ফেলদা সেলানচারের দিকে কীটনাশক বহন করছিলেন। লরির সামনে চালকসহ দুজন এবং পেছনে আরও দুজন অবস্থান করছিলেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, লরিচালক একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশের কাঁধে উঠে যায়। পরে লরিটি কাত হয়ে উল্টে পড়ে। এতে সামনের আসনে থাকা মো. কাদের ও পেছনের যাত্রী মো. দালিম ঘটনাস্থলেই মারা যান। পেছনে থাকা ৪১ বছর বয়সী আরেক শ্রমিক গুরুতর আহত হন, তবে চালকের কোনো আঘাত লাগেনি।

আহত শ্রমিককে সেগামাত হাসপাতালের রেড জোনে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মুয়াদজাম শাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও ওই ব্যক্তিকে লরি চালাতে দেওয়ার বিষয়ে গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হবে। চারজনেরই বৈধ ভ্রমণ নথি ও প্ল্যানটেশনে কাজের অনুমতিপত্র ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।

ঘটনাটি সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারায় তদন্তাধীন রয়েছে। এই ধারায় দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ হাজার রিঙ্গিত জরিমানার বিধান রয়েছে।

Share





Related News

Comments are Closed