Main Menu

খালেদা জিয়ার জন্য সিলেটে শোকের ছায়া, অর্ধনমিত পতাকা

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেটে। খালেদা জিয়ার মত্যুতে শোক জানিয়ে আজ বুধবার আধাবেলা বন্ধ রাখা হয়েছে সিলেটের সব মার্কেট। সড়কে মানুষজনও কম।

রাষ্ট্রিয় শোকের অংশ হিসেবে আজ ভোর থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারসহ সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। তবে খালেদা জিয়ার জানাযায় অংশ নেওয়ার জন্য আজ সরকারী ছুটি ঘোষণা করায় বন্ধ রয়েছে সব অফিস-আদালত, স্কুল-কলেজ।

বিপনী বিতানগুলো রয়েছে বন্ধ, স্থানে স্থানে টানানো হয়েছে কালো পতাকা।সাধারণ মানুষের মধ্যেও বিরাজ করছে শোক। সকলে তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।

এদিকে দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থাপিত বড় পর্দায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সরাসরি সম্প্রচার করা হবে।

সিলেটের বিএনপি নেতাকর্মীদের অনেকে জানাযায় অংশ নিতে ইতোমধ্যে ঢাকায় চলে গেছেন। এছাড়া বিকেলে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

অপরদিকে, বুধবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এই উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনের অংশে অনুষ্ঠিত এই জানাজায় বিপিএলের ব্যস্ততায় থাকা অনেক খেলোয়াড় ও সাংবাদিক অংশ নেন।

এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একটি বিবৃতি দেয় বিসিবি। বিবৃতিতে বলা হয়, ‘বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত।’

বিসিবি জানায়, প্রধানমন্ত্রী থাকাকালে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে খালেদা জিয়ার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন হয়। খেলাটির বিস্তার ঘটে। এর মাধ্যমেই আজকের সাফল্যের পথ তৈরি হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই শোকের সময়ে বিসিবি পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে।’

এছাড়া সিলেটের বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন খালেদা জিয়ার জন্য বিভিন্ন কর্মসূচী পালন করছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

Share





Related News

Comments are Closed