Main Menu

সিলেটে ‘মোবাইল চোর সিন্ডিকেটের’ ৪ সদস্য আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মোবাইল চোর সিন্ডিকেটের চার সদস্যকে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি চোরাই ফোন।

রবিবার (২৮ ডিসেম্বর) রাতে পৃথক অভিযানে কোতোয়ালী থানার আওতাভূক্ত সোবহানীঘাট ফাঁড়ি পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো- সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামের মৃত রইছ আলীর ছেলে রমজান আলী (২৮), সুনামগঞ্জ সদরের আলমপুর দক্ষিণ হাঁটির মৃত উস্তার আলীর ছেলে এখলাছুর রহমান (৪১), একই এলাকার বড়পাড়া গ্রামের মৃত আবদুল করিমের ছেলে নূর মিয়া (৫০) ও মকবুল মিয়া (৫০)। আটককৃতরা সিলেট নগরের বিভিন্ন স্থানে বসবাস করতো।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে ১০ টার দিকে সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরীর নেতৃত্বে সোবহানীঘাট এলাকায় অভিযান চালিয়ে চোরাই ফোনসহ রমজান আলীকে আটক করা হয় ।

তার দেওয়া তথ্যমতে, দক্ষিণ সুরমার স্টেশন রোড সংলগ্ন হোটেল সায়মনে অভিযান চালিয়ে আটক করা হয় এখলাছুর রহমানকে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মকবুল মিয়া ও নূর মিয়াকে আটক করা হয়।

সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed